বিশ্বের সবচেয়ে বিপন্ন ভাষা কোনগুলো, কোথায় এর অবস্থান
ম্যাপ
আল জাজিরা
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৩৩
বিশ্বে ৭ হাজারেরও বেশি ভাষা রয়েছে। এর মধ্যে ৩ হাজার অর্থাৎ ৪০ শতাংশ ভাষা বিপন্ন হওয়া ঝুঁকিতে রয়েছে। বিশ্বে সবচেয়ে বহুল ব্যবহৃত ভাষা হলো ইংরেজি। সারা বিশ্বের ১৮৬টি দেশের ১৫০ কোটির বেশি মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন।
বিশ্বের ভাষা তালিকাভুক্তকারী ডাটাবেজ এথনোলগ অনুসারে, বিশ্বে ১০ জন ইংরেজি ভাষাভাষীর মধ্যে ২ জনের মাতৃভাষা ইংরেজি। আর বাকি ৮০ শতাংশ মানুষের দ্বিতীয় ভাষা, তৃতীয় বা উচ্চতর ভাষা হিসেবে অনেকে ইংরেজিতে কথা বলেন। 
চীনের মান্দারিন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। এ ভাষায় প্রায় ১২০ কোটি মানুষ কথা বলেন। তবে আঞ্চলিক ভাষা হিসেবে এটি বিশ্বের বৃহত্তম ভাষা।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভাষার লিপি
বৈশ্বিক লিপি সম্পর্কে রেফারেন্স বই দ্য ওয়ার্ল্ডস রাইটিং সিস্টেমস অনুসারে, বিশ্বে ২৯৩টি পরিচিত লিপি রয়েছে। একটি ভাষা লেখার জন্য ব্যবহৃত গ্রাফিক অক্ষরের সেট রয়েছে। 
আজও বিশ্বে ১৫৬টির বেশি লিপি ব্যবহার হচ্ছে। যেখানে মিশরীয় হায়ারোগ্লিফ, অ্যাজটেক চিত্রলিপিসহ ১৩৭টিরও বেশি প্রাগৈতিহাসিক লিপি এখন আর ব্যবহার করা হচ্ছে না।
বিশ্বের অন্যতম বৃহত্তম লিপি ল্যাটিন। এটি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মানসহ আরও অনেক ভাষা লেখার জন্য ব্যবহৃত হয়। বিশ্বের ৭ হাজার ১৩৯টি জীবন্ত মানব ভাষা রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩০৫টিতে ল্যাটিন লিপি ব্যবহৃত হয়। বিশ্বের ৭০ শতাংশেরও বেশি মানুষ এটি ব্যবহার করে।
সবচেয়ে বিপন্ন ভাষা কোনগুলো
বিশ্বব্যাপী কথা বলা ৭ হাজার ১৫৯টি ভাষার মধ্যে ৩ হাজার ১৯৩টি অর্থাৎ ৪৪ শতাংশ বিপন্ন। আর ৩ হাজার ৪৭৯টি অর্থাৎ, ৪৯ শতাংশ স্থিতিশীল। বিশ্বের ৪৮৭টি অর্থাৎ ৭ শতাংশ ভাষা প্রাতিষ্ঠানিক, এই ভাষাগুলো সরকার, স্কুল ও গণমাধ্যম ব্যবহার করে।
একটি ভাষা তখন বিপন্ন হতে শুরু করে যখন ব্যবহারকারীরা তাদের শিশুদের অন্য ভাষা শেখাতে থাকেন। অনেক ভাষাই দ্বিতীয় হিসেবে ব্যবহৃত হয়।
এথনোলগের তথ্যমতে, বিশ্বের প্রায় ৩৩৭টি ভাষা সুপ্ত অবস্থায় রয়েছে, বিলুপ্ত রয়েছে ৪৫৪টি।
সুপ্ত ভাষা হলো সেই ভাষা; যাদের আর দক্ষ ভাষাভাষী নেই। কিন্তু ভাষার সামাজিক ব্যবহার এখনও আছে, এবং ভাষাটি একটি জাতিগত সম্প্রদায়ের পরিচয়ের অংশ। বিলুপ্ত ভাষা হলো সেই ভাষা; যাদের কোনো ভাষাভাষী নেই। কোনো সামাজিক ব্যবহার নেই অথবা এমন গোষ্ঠী নেই যারা এটিকে তাদের ঐতিহ্য বা পরিচয়ের অংশ হিসেবে দাবি করে।
এথনোলগের মতে, বিশ্বের ৮ কোটি ৮১ লাখ মানুষ তাদের মাতৃভাষা হিসেবে বিপন্ন ভাষায় কথা বলেন। যেমন- ১ হাজার ৪৩১টি ভাষা রয়েছে; যেখানে ১ হাজারেরও কম মানুষ প্রথম ভাষা হিসেবে এটি ব্যবহার করেন। বিশ্বের ৪৬৩টি ভাষা রয়েছে যেগুলোতে ১০০ জনের কম মানুষ কথা বলেন। ১০ জন মানুষ প্রথম ভাষা হিসেবে ব্যবহার করেন এমন ১১০টি ভাষা রয়েছে। 
কোথায় বিপন্ন ভাষার অবস্থান
বিশ্বের বিপন্ন ভাষার প্রায় ৮০ শতাংশের আবাসস্থল মাত্র ২৫টি দেশে। ওশেনিয়ায় সবচেয়ে বিপন্ন ভাষা রয়েছে। এরপর এশিয়া, আফ্রিকা এবং আমেরিকা মহাদেশে বিপন্ন ভাষা রয়েছে।
ওশেনিয়া
অস্ট্রেলিয়ার যুগামবেহ একটি বিপন্ন আদিবাসী ভাষা। এটি মূলত পূর্ব অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট, সিনিক রিম ও লোগানজুড়ে এই ভাষায় কথা বলা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে একটি শক্তিশালী সম্প্রদায় যুগামবেহ ভাষা পুনরুজ্জীবন কর্মসূচি হাতে নিয়েছে। এই ভাষা শিখতে অ্যাপের ব্যবহার শুরু হয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের কাছে ভাষাটিকে আরও সহজলভ্য করে তুলেছে।
এশিয়া
জাপানের আইনু (আইনু ইতাক) একটি অত্যন্ত বিপন্ন ভাষা। ইউনেস্কোর তথ্যমতে, এটিকে কোনো ভাষার পরিবারের সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত করা যায় না। আইনু ভাষাভাষীর সঠিক সংখ্যা অজানা। তবে ২০০৬ সালের একটি জরিপে দেখা গেছে, ২৩ হাজার ৭৮২ জন ভাষাভাষীর মধ্যে ৩০৪ জন আইনু ভাষা উচ্চতর জ্ঞান রাখেন।
আফ্রিকা
ইথিওপিয়ার ওঙ্গোটা একটি অত্যন্ত বিপন্ন ভাষা। দক্ষিণ-পশ্চিম ইথিওপিয়ার ওয়েইটো নদীর পশ্চিম তীরে বসবাস করা কটি সম্প্রদায় এই ভাষায় কথা বলত। এই সম্প্রদায়ের মাত্র ৪০০ জন সদস্য অবশিষ্ট আছেন, যাদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন প্রবীণ এই ভাষায় কথা বলেন।
আমেরিকা
উত্তর ও মধ্য আমেরিকার প্রায় সব আদিবাসী ভাষাই বিপন্ন। লুইজিয়ানা ক্রেওল, আফ্রিকান ও আদিবাসীদের প্রভাবে গঠিত একটি ফরাসিভিত্তিক ক্রেওল ভাষা। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বিপন্ন ভাষা, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্করা ক্রেওল ভাষায় কথা বলেন।
লেকো হল বলিভিয়ার কথিত একটি বিপন্ন আদিবাসী ভাষা। এটি একটি বিচ্ছিন্ন ভাষা হিসেবে বিবেচিত হয়, যার সঙ্গে অন্যান্য ভাষার কোনো জেনেটিক সম্পর্ক নেই। ভাষাটি এখন মাত্র ১৩ হাজার ৫০০ লেকো জাতিগত জনসংখ্যার বয়স্করা কথা বলেন।
ইউরোপ
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে কথিত কর্নিশ (কার্নিউইক) ভাষাটি ইউনেস্কো বিলুপ্ত ভাষা হিসেবে চিহ্নিত করেছিল। ২০১০ সালে এটি বিপন্ন ভাষায় রূপান্তরিত হয়। ২০২১ সালের ইংল্যান্ড এবং ওয়েলসের আদমশুমারি অনুসারে, ৫৬৩ জন লোক এটিকে প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে।
- বিষয় :
- মাতৃভাষা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
