ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টানা চার মাস বাড়ার পর মার্চে কমেছে মূল্যস্ফীতি

টানা চার মাস বাড়ার পর মার্চে কমেছে মূল্যস্ফীতি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০৯:৫১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ০৯:৫২

টানা চার মাস বাড়ার পর কিছুটা কমলো মূল্যস্ফীতি। গত মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। এর আগে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার মাস মূল্যস্ফীতি বাড়তে দেখা গেছে। চলতি বছরের মার্চে খাদ্যে মূল্যস্ফীতি বেশ খানিকটা কমেছে। বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। 

গতকাল রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও শিল্প উৎপাদন সূচকের (আইআইপি) সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতি মাসে মাঠ পর্যায় হতে বিভিন্ন পণ্য ও সেবার দামের তথ্য-উপাত্ত সংগ্রহ করে থাকে বিবিএস। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রণয়ন করা হয়। এ সূচক আগের বছরের একই সময়ের তুলনায় কতটা বাড়ল তার শতকরা হারই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি। এটির ১২ মাসের হিসাবের ভিত্তিতে তৈরি হয় বার্ষিক গড় মূল্যস্ফীতির তথ্য-উপাত্ত।

বিবিএসের প্রতিবেদন অনুসারে, গত বছর কয়েক মাস পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমার পর নভেম্বর মাস থেকে ফের বাড়তে শুরু করে। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি হয় ৮ দশমিক ২৯ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। গত বছরের ডিসেম্বর মাসে তা বেড়ে হয় ৮ দশমিক ৪৯ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৫৮ শতাংশ। ফেব্রুয়ারিতে তা আরও বেড়ে হয় ৯ দশমিক ১৩ শতাংশ। 

গত মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ। আগের মাস ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক শূণ্য ৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ। মার্চে গ্রাম ও শহর দুই জায়গাতেই সার্বিক মূল্যস্ফীতি ফেব্রুয়ারি তুলনায় কমেছে। এদিকে গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৬০ শতাংশ। যেটি গত মার্চ-ফ্রেব্রুয়ারি সময়ে ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। 

আরও পড়ুন

×