ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুদ্ধে বিশ্বজুড়ে রেকর্ড সামরিক ব্যয় বেড়েছে

যুদ্ধে বিশ্বজুড়ে রেকর্ড সামরিক ব্যয় বেড়েছে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১২:১০

২০২৫ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় ২ লাখ ৯০ হাজার কোটি ডলার বেড়েছে। গতকাল সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিপ্রির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৮৯ লাখ কোটি ডলার। এতে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির ধারা টানা ১১ বছর ধরে অব্যাহত থাকল। এই ব্যয় বিশ্বের মোট জিডিপির ২ দশমিক ৫ শতাংশ, যা ২০০৯ সালের পর থেকে সর্বোচ্চ। এর মধ্যে কিছুটা ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় সামরিক খাতে ব্যয়কারী দেশটি ওই বছর ব্যয় কিছুটা কমিয়েছে।

সিপ্রির গবেষক লরেনৎসো স্কারাৎসাতো বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের এই কমতি পুষিয়ে দিয়েছে ইউরোপ ও এশিয়ার বাড়তি ব্যয়। তাঁর ভাষায়, যুদ্ধ ও উত্তেজনার মধ্যে বিশ্ব আরও একটি বছর পার করেছে।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিরাপত্তা ও নতুন করে সামরিক শক্তি গড়ে তোলার প্রতিযোগিতাই রেকর্ড মাত্রায় সামরিক ব্যয় বেড়ে যাওয়ার মূল কারণ বলে জানিয়েছেন গবেষকরা। সামরিক ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। গত বছর এ খাতে দেশগুলোর সম্মিলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার কোটি ডলার, যা বৈশ্বিক সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি।

প্রতিবেদনে সিপ্রি বলেছে, বর্তমান সংকটগুলোর ব্যাপ্তি ও অনেক দেশের দীর্ঘমেয়াদি সামরিক ব্যয়ের লক্ষ্য বিবেচনায় বলা যায়, এই বৃদ্ধি সম্ভবত ২০২৬ জুড়ে আর তারপরও অব্যাহত থাকবে। ইউক্রেনের জন্য নতুন কোনো আর্থিক সামরিক সহায়তা মঞ্জুর না করায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমে ৯৫ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। 

এর আগের তিন বছরে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ১২ হাজার ৭০০ কোটি ডলার দিয়েছিল। ২০২৫ সালে মার্কিন সামরিক ব্যয় হ্রাস পেলেও এটি স্বল্পস্থায়ী হতে পারে। খবর রয়টার্সের।
 

আরও পড়ুন

×