সোনা-রুপার দাম কমল
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১৩:৩৩
আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জানানো হয়, একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পাকা সোনার দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
মূল্যবৃদ্ধির আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৩৫ হাজার ৬৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।
বিশ্ববাজারে মূল্যহ্রাসের কারণে সোনার দাম কমানো হয়েছে। গোল্ডপ্রাইস ডটকমের তথ্যানুযায়ী, আজ এ প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৬৬৭ ডলার। এর আগে যখন দাম কমানো হয়, তখন দাম ছিল ৪ হাজার ৭০৪ ডলার। অর্থাৎ এ সময়ের মধ্যে সোনার দাম কমেছে ৩৭ ডলার।
রুপার দামও কমেছে
এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এর আগে রুপার দাম ছিল ভরিপ্রতি ৬ হাজার ৬৫ টাকা।
