আকুর দায় শোধে কমছে রিজার্ভ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০১:৫৬
রেমিট্যান্সে উচ্চ প্রবাহ বজায় থাকায় নানা চাপের মধ্যেও স্বস্তিতে রয়েছে ডলার বাজার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বুধবার ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ–এপ্রিলের জন্য বৃহস্পতিবার ১৫১ কোটি ডলার পরিশোধ করা হবে। এতে রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারের নিচে নামছে বলে জানা গেছে।
আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী, বুধবার রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। আকুর দায় দায় শোধের পর তা কমে ২৯ দশমিক বিলিয়ন ডলারের সামান্য বেশি থাকতে পারে। এর আগে, গত মার্চে জানুয়ারি–ফেব্রুয়ারির জন্য প্রায় ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪ দশমিক ১০ বিলিয়নে নেমেছিলো। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
২০২১ সালের আগস্ট থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিক কমছিলো। ওই সময় প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিলো। তবে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে রিজার্ভ ১০ বিলিয়ন ডলার বেড়েছে। মূলত অর্থপাচারে কড়াকড়ির ফলে হুন্ডি কমে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির কারণে এমন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৫ মে পর্যন্ত প্রবাসীরা ২ হাজার ৯৯৫ কোটি ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫০১ কোটি ডলার। এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৯৩ কোটি ডলার যা ১৯ দশমিক ৭২ শতাংশ বেশি। গত অর্থবছর প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধির পর এই উচ্চ প্রবাহ ডলার বাজারে স্বস্তি দিয়েছে। দীর্ঘদিন ধরে ডলার ১২২ টাকা ৭৫ পয়সায় স্থিতিশীল রয়েছে।
- বিষয় :
- রিজার্ভ
