ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সরকারি পরিসংখ্যানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে

কর্মকর্তাদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সরকারি পরিসংখ্যানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে
×

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:৫৩

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গবেষণার সুযোগ বাড়ানো এবং সব সরকারি নীতিনির্ধারণী কাজে সরকারি পরিসংখ্যানের ব্যবহারের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিবিএসের সক্ষমতা এবং তথ্যউপাত্ত প্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এটি হলে বিবিএসের পরিসংখ্যনের ওপর জনগণের আস্থা বাড়বে। কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে পরিসংখ্যান একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। 

সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিবিএসের প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি বলেন, বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডেটা উৎপাদন করে। এই ল্যাবের মাধ্যমে সেই ডেটা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে। এ ল্যাব স্থাপনের মাধ্যমে জনসাধারণের জন্য সরকারি ডেটা ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য বিবিএসে মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ডেটার ব্যবহার আরও কার্যকর হবে। 

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মীর হোসেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×