খেলাপি ঋণ ঘোষণার সময়সীমা ১২ মাস করার দাবি বিকেএমইএ’র
পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২১:৪৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ২১:৪৯
বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে খেলাপি ঋণ হিসেবে ঘোষণার সময়সীমা বর্তমান ৬ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করার দাবি জানিয়েছে তৈরি পোশাকের নিট ক্যাটেগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ।
আজ শনিবার পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা থেকে এরকম ৫টি দাবি তুলে ধরা হয়েছে। বিকেএমইএর নারায়ণগঞ্জ অফিসে ওই জোনের সদস্যদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের অন্য দাবির মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে কিস্তির সুবিধা দেওয়া। বিকেএমইএ বলেছে, বর্তমান সংকটে সদস্য প্রতিষ্ঠানগুলো অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রায় এক মাস ধরে উৎপাদন বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠানই গুরুতর আর্থিক সংকটে পড়েছে। তাই, নিয়মিত বকেয়ার পাশাপাশি জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ চান তারা। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে সংযোগ বিচ্ছিন্ন না করা। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা। ব্যক্তিমালিকানাধীন গাড়িতে সিএনজি সরবরাহ বন্ধ রাখা।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরিস্থিতি জানানো। বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্যাস ও জ্বালানি সরবরাহের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গ্রাহকদের অবহিত করার দাবি জানানো হয়। এতে গ্রাহকরা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং অনিশ্চয়তা ও বিভ্রান্তি থেকে রক্ষা পাবেন।
এছাড়া, অবিলম্বে গ্যাসের সব ধরনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে একদিকে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে, অন্যদিকে সিস্টেম লসও কমে আসবে।
- বিষয় :
- জ্বালানি সংকট
- বিকেএমইএ