ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

'তোফাটুন' কার্টুনের তোফাজ্জেল হোসেন তোফা আর নেই

'তোফাটুন' কার্টুনের তোফাজ্জেল হোসেন তোফা আর নেই
×

শেখ তোফাজ্জেল হোসেন তোফা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৩৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫১

ষাটের দশকে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে 'তোফাটুন' কার্টুন এঁকে বঙ্গবন্ধুর সঙ্গে জেলে যাওয়া কার্টুনিস্ট শেখ তোফাজ্জেল হোসেন তোফা আর নেই। রোববার সন্ধ্যা ৭টার দিকে সাভারের আমিনবাজারে নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

শেখ তোফাজ্জেল হোসেন তোফা কার্টুন আঁকার পাশাপাশি কবিতা ও ছড়াতেও অবদান রেখে গেছেন। তার জামাতা লাইজুল ইসলাম সমকালকে জানান, কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন শেখ তোফাজ্জেল হোসেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার বাদ জোহর জানাজা শেষে আমিনবাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৬৮ সালের একুশে ফেব্রুয়ারি 'আর্তনাদ' নামের সংকলনে 'তোফাটুন' নামে একটি কার্টুন প্রকাশ করেন শেখ তোফাজ্জেল হোসেন। তার সেই কার্টুনে উঠে এসেছিল, পূর্ব পাকিস্তানে একটি গরু ঘাস খাচ্ছে, আর তার দুধ যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের প্রেরণাদায়ী কার্টুনটিকে বাংলার স্বাধীনতার আন্দোলনের পটভূমি তৈরির ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে তৎকালীন পাকিস্তান সরকার শেখ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছিল। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে কারাবন্দি ছিলেন তিনি।

শেখ তোফাজ্জেল হোসেনের জন্ম ১৯৪৪ সালে আসামের মারিয়ানি শহরে। পরে পরিবারের সঙ্গে তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার শালমারা গ্রামে চলে আসেন।

শেখ তোফাজ্জল ২০১২ সাল পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার কার্টুন এঁকেছেন, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তিনি বেশকিছু বইও লিখেছেন। ২০০৫ পর্যন্ত প্রায় ২৫ বছর একটানা বাংলাদেশ বেতারে বাংলা খবর পাঠ করেন তিনি।

আরও পড়ুন

×