ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: ৪ দালালের কারাদণ্ড, দুজনকে জরিমানা 

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: ৪ দালালের কারাদণ্ড, দুজনকে জরিমানা 
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৯:২৩

গ্রাহক হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে মিরপুর বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

অভিযানে আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে চারজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য দ্রুত পালিয়ে যায়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আশরাফুল ইসলাম বাবু (২২), মো. আকতার সরদার, মো. তুহিন (৩৪) এবং মো. রিপন (২৮)।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। অনেক ক্ষেত্রে কাগজপত্র ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ অফিসে আগত সেবাগ্রহীতাদের হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করতে দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, আটক ছয়জনের মধ্যে দুজনকে এক মাস এবং দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

×