ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে দুই অধ্যক্ষ!

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে দুই অধ্যক্ষ!
×

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৫

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে এখন দুজন অধ্যক্ষ। ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সুফিয়া আখতারকে কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। এর আগে কলেজের গভর্নিং বডি অধ্যক্ষ হিসেবে লে. কর্নেল (অব.) শহিদুল হাসানকে নিয়োগ দেয়। 

সুফিয়া আখতার গত বৃহস্পতিবার কলেজে যোগদান করেছেন। কিন্তু শহিদুল হাসান তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেননি। ফলে অধ্যক্ষের কক্ষে দুজন নিয়মিত অফিস করছেন। শহিদুল হাসান অধ্যক্ষের চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন। আর সুফিয়া আখতার সামনের সোফায় বসে থাকেন। 

কলেজ-সংশ্লিষ্টরা বলেন, এটা দৃষ্টিকটু। কলেজে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১১.১৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠানপ্রধান হিসেবে উপযুক্ত শিক্ষক/কর্মকর্তা/বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে পারবে।

এই নীতিমালার আলোকে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে রাজধানীর কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অধ্যক্ষ ও শাখাপ্রধান হিসেবে পদায়ন করেছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে অধ্যক্ষ পদায়ন করা হয়েছে। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখায় শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে শাখাপ্রধান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। 

অধ্যাপক সুফিয়া আখতার বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা। মন্ত্রণালয়ের আদেশে তাঁকে গত ২৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়েছে বলে গণ্য করার কথা বলা হয়।

অধ্যাপক সুফিয়া আখতার গতকাল সমকালকে বলেন, ‘গত বৃহস্পতিবার কলেজে এসে যোগদানপত্র জমা দিয়েছি। কর্তৃপক্ষ সেটি গ্রহণও করেছে। তবে এখনও দায়িত্ব বুঝে পাইনি।’

কলেজ কর্তৃপক্ষ লে. কর্নেল (অব.) শহিদুল হাসানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। নিয়োগে শর্ত ছিল, সরকার কোনো বিধিনিষেধ আরোপ করলে কিংবা নতুন অধ্যক্ষ নিয়োগ দিলে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বলে গণ্য হবে। সরকার নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় আগের অধ্যক্ষের চুক্তিভিত্তিক নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা। 

অধ্যাপক সুফিয়া আখতার বলেন, ‘আদেশ পাওয়ার পর আমি প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেছি। তারপর মূল কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে কলেজে এসে যোগদানপত্র জমা দিয়েছি।’ 

কলেজটির গভর্নিং বডির সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাপতি আবদুস সালাম। অধ্যাপক সুফিয়া আখতার জানান, তিনি কলেজের সভাপতির সঙ্গে দেখা করলে তিনি তাঁকে দায়িত্ব পালনের জন্য বলেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, গভর্নিং বডিকে নতুন অধ্যক্ষের যোগদান অনুমোদন করে তা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়। সুফিয়া আখতারের যোগদান গতকাল পর্যন্ত গভর্নিং বডি অনুমোদন করেনি।

গভর্নিং বডির সভাপতি আবদুস সালামের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাঁর ব্যক্তিগত সহকারীও ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে লে. কর্নেল (অব.) শহিদুল হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। 
 

আরও পড়ুন

×