বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না: শামা ওবায়েদ
সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৩:০৩
বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দেশের উন্নয়ন ও নিরাপত্তার সুফল প্রতিটি নাগরিক সমানভাবে ভোগ করবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেবেন।
সোমবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, এই সাম্য ও ভ্রাতৃত্ববোধ যেন সারাজীবন বজায় থাকে, সৃষ্টিকর্তার কাছে সেটাই চাই। মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন। সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন দিন-রাত কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে স্বাধীনভাবে, আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে বসবাস করবেন। সবাই দেশের উন্নয়নের সুফল ভোগ করবেন এবং নিরাপত্তা পাবেন। সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ ও শাহিনুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্যসচিব মো. এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান ও সাফিকুল ইসলাম এবং সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল ইসলাম (রাজ), সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।