ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্রের দায়িত্ব সবার অধিকার নিশ্চিত করা: রিজভী

ধর্ম যার যার, রাষ্ট্রের দায়িত্ব সবার অধিকার নিশ্চিত করা: রিজভী
×
×

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৪:০৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মবিশ্বাস আলাদা হতে পারে, তবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। প্রত্যেকের ধর্মীয় অধিকার প্রয়োগের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত পূজার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায় এবং ভ্রাতৃত্ববোধের প্রসার ঘটায়। সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে উৎসবের সর্বজনীন আহ্বানে অন্য সম্প্রদায়ের মানুষও আনন্দ ও সংহতি অনুভব করেন। আবহমানকাল ধরে এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন।

দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সমাজের অসুররূপী অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী। এই আনন্দ-উৎসবের বার্তা কোনো একক ধর্মের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য। মা দুর্গার আরেক নাম দুর্গতিনাশিনী। তিনি দুর্গতি বিনাশ করে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করেন। এই বার্তা ধারণ করে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চায়।

পূজা উপলক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছুটির মেয়াদ বাড়িয়েছে এবং পূজামণ্ডপগুলোতে চালের বরাদ্দ বৃদ্ধি করেছে। এখন থেকে প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের সরকার থেকে মাসিক সম্মানী দেওয়া হবে। নির্বাচনের আগে বিএনপি এসব প্রতিশ্রুতি দিয়েছিল, এখন সেগুলো বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে জারি-সারি গান শোনেন, বিভিন্ন পার্বণে কীর্তন উপভোগ করেন এবং গম্ভীরাসহ নানা লোকজ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। হাজার বছর ধরে, শত শত বছর ধরে এ দেশের মানুষ একসঙ্গে এসব সাংস্কৃতিক ধারায় অংশগ্রহণ করে আসছেন।

রিজভী বলেন, পূজা, ধর্মবিশ্বাস যার যার, তার তার কাছে রয়েছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকে যেন নিজের ধর্মীয় অধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপত্তা পান। তারেক রহমান সেটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×