ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্প-শির সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের
ছবি: কোলাজ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৩:৫১
ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী নভেম্বরের ১৮ ও ১৯ তারিখে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক করপোরেশন সামিটের (এপেক) ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানায়, পুতিন এমন একটি সমাধান চান, যা মস্কোর স্বার্থের অনুকূলে যাবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সম্ভাব্য ওই বৈঠক নিয়ে এখনও আলোচনা চলছে। তবে বৈঠকের এজেন্ডা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনও এতে সম্মতি দেননি। তবে প্রস্তাবটির প্রতি তিনি ইতিবাচক মনোভাব দেখাতে পারেন।
যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়ার আহ্বান রুবিওর
ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ বন্ধের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উজবেকিস্তানের সমরকন্দ সফরকালে তিনি বলেন, ট্রাম্প যুদ্ধের অবসান চান। তবে প্রস্তাবিত শীর্ষ বৈঠক চূড়ান্ত হয়েছে কিনা, তা তিনি জানেন না।
রুবিও বলেন, এই সংঘাতের নেতিবাচক দিক অনেক। যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার ঝুঁকিও রয়েছে। কোনো ড্রোন ভুল করে প্রতিবেশী দেশে গিয়ে পড়লেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্পের যুক্তি
রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, মস্কোকে আলোচনার টেবিলে রাখতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে না চাওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
অন্যদিকে জেলেনস্কি বলছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করলে ইউক্রেনের ক্ষতি হবে এবং পুতিনের যুদ্ধ চালানোর সক্ষমতা বাড়বে।
এদিকে কিয়েভে নতুন করে রুশ বিমান হামলায় এক নারী নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সাবওয়ে স্টেশন ও ২৫ তলা আবাসিক ভবন। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে রয়টার্স।