ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতার দেওয়া সনদ নিয়ে সন্দেহ

বিএনপি নেতার দেওয়া সনদ নিয়ে সন্দেহ
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১৭

| প্রিন্ট সংস্করণ

বরিশালের বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য জাল সনদ জমা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুম বিল্লাহর বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। মাসুম বিল্লাহ উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত ৩ আগস্ট ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে বাকেরগঞ্জ উপজেলা কমিটি। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদপুর ইউনিয়নের ৫৯ নম্বর ভোজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মাসুম বিল্লাহর নামসহ প্রস্তাবিত কমিটির নাম উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির ডিগ্রি পাস বাধ্যতামূলক। মাসুম বিল্লাহর নামে ঢাকার তিতুমীর কলেজের ২০০২-০৪ শিক্ষাবর্ষের ডিগ্রি পাসের সনদ জমা দেওয়া হয়। 
স্থানীয় এক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি লিখিতভাবে জানায়, ওই শিক্ষাবর্ষে একই নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশনে মাসুম বিল্লাহ নামে একজন ডিগ্রি পাস করেন। তবে তাঁর বাবার নাম নুরুল ইসলাম ও মাতার নাম নুর জাহান। কিন্তু বিএনপি নেতা মাসুম বিল্লাহর জমা দেওয়া সনদে বাবার নাম ফজলুর রহমান হাওলাদার ও মায়ের নাম জাহানারা বেগম। ধারণা করা হচ্ছে, তিনি টেম্পারিং করে ডিগ্রি পাসের সনদটি তৈরি করেন। 

তবে বক্তব্য জানতে কল দেওয়া হলে মাসুম বিল্লাহ দাবি করেন, তাঁর সনদটি সঠিক। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাসুম বিল্লাহ নামের সনদে মা-বাবার ভিন্ন নাম রয়েছে– এটা জানা নেই। 
ভোজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা রানীর ভাষ্য, মাসুম বিল্লাহকে সভাপতি করে প্রস্তাবিত কমিটি শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে। সনদ নিয়ে ঝামেলার বিষয়টি তারা পরে জেনেছেন। 
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এমন অভিযোগ পাওয়ার পর মাসুম বিল্লাহকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের সনদসহ তলব হয়েছিল। এসব যাচাই-বাছাই করে দেখা গেছে, তাঁর সকল সনদে বাবার নাম ফজলুর রহমান হাওলাদার ও মায়ের নাম জাহানারা বেগম। স্থানীয় কিছু ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া লিখিত কপি জমা দিয়েছেন। এতে দেখা গেছে, ওই সনদে মাসুম বিল্লাহর ডিগ্রি সনদে বাবার নাম নুরুল ইসলাম ও মায়ের নাম নুর জাহান। শিক্ষাবর্ষ, রোল ও রেজিস্ট্রেশন নম্বর একই। মাসুম বিল্লাহর সনদটি জাল কিনা, তা জানতে তদন্ত হবে। 
এ বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই বিদ্যালয়ের কমিটি দেওয়া হবে না।

আরও পড়ুন

×