ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাইকারি ও খুচরা কাঁচাবাজার এক জায়গায় নয়: স্থানীয় সরকারমন্ত্রী

পাইকারি ও খুচরা কাঁচাবাজার এক জায়গায় নয়: স্থানীয় সরকারমন্ত্রী
×

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ১১:৩৪ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ১১:৩৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে জনদুর্ভোগ ও যানজট কমাতে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে পাইকারি ও খুচরা কাঁচাবাজার বসাতে হবে। মানুষের চলাচলের রাস্তা দখল করে কেউ দোকান বসালে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার স্থানান্তরের লক্ষ্যে গাবতলী কাঁচাবাজার এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কারওয়ান বাজার অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে ঢাকা শহরের খুচরা বাজারগুলোতে পণ্য ডিস্ট্রিবিউশন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শাকসবজি, মাছসহ অন্যান্য পণ্য কারওয়ান বাজারে নিয়ে আসেন তাদের জন্য যেমন কষ্ট হয়, তেমনি ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আবার খুচরা বাজারে পৌঁছাতে অনেক যানজট ও সমস্যা হয়। কারওয়ান বাজার থেকে ঢাকার ভিন্ন পয়েন্টে সুবিধাজনক স্থানে কীভাবে স্থানান্তর করা যায় সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। সবার প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

তাজুল ইসলাম জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় পাইকারি ও খুচরা কাঁচাবাজার এক জায়গায় হওয়া উচিত নয়। এতে করে একদিকে যেমন জনদুর্ভোগ তৈরি হবে, অন্যদিকে যানজটও সৃষ্টি হবে। আমরা চাই পাইকারি ও খুচরা বাজারগুলো একটি নির্দিষ্ট জায়গায় হোক। পাইকারি কাঁচাবাজারগুলো শহরের বাইরে হলেই বেশি ভালো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যত্রতত্র পাইকারি খুচরা বাজার না রেখে কোন এলাকায় কতটি বাজার লাগবে মেয়র এবং কাউন্সিলর বসে সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করবেন। জায়গা চিহ্নিত করে নতুন করে আরও কাঁচাবাজার প্রয়োজন হলে তা করা হবে।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তরের লক্ষ্যে আমরা সরেজমিন পরিদর্শনে এসেছি। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গেও আমরা আলোচনা করব। ব্যবসায়ীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×