মেহেরপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ছবি: সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৮:১৪
মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার অলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন (৪৫), একই গ্রামের মাহিনের মেয়ে আফরিন (১) ও যশোর শহরের সজিবের ছেলে আবরার হোসেন (৯)।
এছাড়া মাহিন ও তার স্ত্রী আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. লিয়াকত আলী ও স্থানীয়রা জানান, অটোরিকশা চালক আরিফ হোসেনসহ বেশ কয়েকজন মটমুড়া গ্রাম থেকে উত্তর শালিকা গ্রামে যাওয়ার পথে অলিনগর এলাকায় পৌছালে গাংনী এলাকা থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমখি সংষর্ঘ হয়। এতে অন্তত ৫ জন আহত হন।
আহতদের মধ্যে অটোরিকশা চালক আরিফ হোসেনকে উদ্ধার করে গাংনী ও আফরিন ও আবরারকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ওমর ফারুক অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আফরিন ও আবরারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ায় চিকিৎসাধীন আফরিনের বাবা মাহিন ইসলাম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ট্রাক চালক পালিয়ে গেছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মেহেরপুর
- সড়ক দুর্ঘটনা-২০২৬
