ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সাভারে নারীকে হত্যার আসামি কুড়িগ্রামে গ্রেপ্তার

সাভারে নারীকে হত্যার আসামি কুড়িগ্রামে গ্রেপ্তার
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২০:৩৩

সাভারের আমিনবাজারে এক নারীকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ফরেনসিক ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত চালিয়ে ঘটনার দুই সপ্তাহ পর কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি মাসুম ইসলাম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এমএন মোর্শেদ।

জানা যায়, গত ২ জুলাই আমিনবাজারের বড়দেশী এলাকার একটি ভাড়া বাসায় ৩৯ বছর বয়সী ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের বাবা পরদিন সাভার মডেল থানায় মামলা করেন। ৮ জুলাই মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পুলিশ পরিদর্শক মো. খালেদ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা আলামত, মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), ডিজিটাল তথ্য-উপাত্ত এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে মাসুম ইসলামকে শনাক্ত করা হয়। এরপর ১৪ জুলাই কুড়িগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইর তদন্তে উঠে এসেছে, মাসুম ইসলাম প্রজাপতি পরিবহনের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। সাভারের কাতলাপুর এলাকায় বাবার চায়ের দোকানেও কাজ করতেন। ওই দোকানের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন ওই নারী। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই নারী বড়দেশী এলাকায় নতুন বাসায় ওঠার পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। ঘটনার আগের রাতে মোবাইল ফোনে দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরদিন মাসুম ইসলাম ওই নারীর বাসায় যান। সেখানে আবারও ঝগড়ার একপর্যায়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন।

আরও পড়ুন

×