পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগ
খুঁটিতে বেঁধে গণপিটুনি, পরিয়ে দেওয়া হয় জুতার মালা
প্রতীকী ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২২:০৫
পাবনার ঈশ্বরদীতে পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগ এক ব্যক্তিকে রেলগেটের খুঁটিতে বেঁধে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর বকশিরচক তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগ শুনে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে ধরে নিয়ে আসেন। ঘটনা জানাজানি হলে শত শত মানুষ তালতলা মোড়ে জড়ো হন। স্থানীয়রা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে ঈশ্বরদী-রূপপুর রেললাইনের তালতলা রেলগেটের সঙ্গে তাঁকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এ সময় কেউ কেউ তাঁর চুল-দাড়ি কেটে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতা ঝুলিয়ে দেন।
বকশিরচকের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ধর্মপ্রাণ মানুষ। এ ঘটনা গ্রামবাসী কোনোভাবেই মেনে নিতে পারেনি। এ কারণে এলাকার লোকজন তাঁকে ধরে এনে মারধর করেছে। পরে ওই ব্যক্তি ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।’
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন মাদকাসক্ত। নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করতেন। জোর করে টাকা ছিনিয়ে নিতেন। এ জন্য তাঁর স্ত্রী ধর্মগ্রন্থের মধ্যে টাকা লুকিয়ে রাখতেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পাবনা
- ঈশ্বরদী
- গণপিটুনি
- জুতার মালা