ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার
×
×

স্বর্ণসহ আটক চীনা দুই যাত্রী দুই যাত্রী চেন লিউইয়ুন ও মো শিয়াওইউ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০২:৫২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ০২:৫৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। এক পুরুষ যাত্রীর জিন্সের প্যান্ট ও নারীর অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে এসব স্বর্ণের পেস্ট লুকানো হয়েছিল। 

বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬ ঢাকায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বিভিন্ন স্থানে নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ আসেন চীনা দুই যাত্রী চেন লিউইয়ুন ও মো শিয়াওইউ। এ সময় তাদের তল্লাশি করে শরীরে লুকানো স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের ওজন ভেজা অবস্থায় ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলছে।

আরও পড়ুন

×