রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৯:১৪
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ১৯ জন, লালবাগ বিভাগ ৭১ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৯ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৫৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।