ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অচলাবস্থা নিরসনে ইউজিসির পরামর্শক কমিটির বৈঠক

অচলাবস্থা নিরসনে ইউজিসির পরামর্শক কমিটির বৈঠক
×
×

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি ও চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২২:৪৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সমাধানের পথ খুঁজছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে কমিটি। এসব আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়।

সব পক্ষের বক্তব্য ও অবস্থান পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। গতকাল বুধবার সকালে চুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কমিটির কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন সদস্যরা। বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সকালের মতবিনিময়ে শিক্ষকরা চলমান সংকটের প্রেক্ষাপট, আন্দোলনের কারণ এবং তাদের অবস্থান কমিটির কাছে তুলে ধরেন। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও বক্তব্য উপস্থাপন করেন তারা। অন্যদিকে শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাদের অনড় অবস্থানের কথা জানান। দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় দ্রুত সংকট নিরসনের প্রয়োজনীয়তাও আলোচনায় উঠে আসে।

শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন রাশিদুল হাসান সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকদের বক্তব্য কমিটির কাছে তুলে ধরা হয়েছে। লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও তাদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

তিনি বলেন, কমিটি শিক্ষকদের বক্তব্য শুনেছে। আলোচনায় উঠে আসা বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে বলে তারা আশা করছেন। এর মাধ্যমে অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা তাদের।

শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল জানান, শুরু থেকেই তারা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। বৈঠকে কমিটির কাছে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর পরামর্শক কমিটির সদস্যদের সঙ্গে দেখা করেন চুয়েট শাখা ছাত্রদলের ছয়-সাতজন নেতাকর্মী। তাদের মধ্যে সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন ছিলেন।

পরে সাংবাদিকদের ওয়াসিফ রাশেদ জানান, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া এবং ক্লাস স্থগিত থাকার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। উপাচার্য নিয়োগ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও সামগ্রিক প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি জানান, তারা কোনো পক্ষের প্রতিপক্ষ হিসেবে আসেননি। শিক্ষার্থীদের ভিন্নমত থাকতে পারে, তাদেরও ভিন্নমত রয়েছে। অচলাবস্থা নিরসনে নিজেদের মতামত কমিটির কাছে তুলে ধরতেই তারা এসেছেন।

তিনি অভিযোগ করেন, উপাচার্যের সঙ্গে দেখা করতে আসা কয়েকজনকে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন একাডেমিক গ্রুপ থেকেও শিক্ষার্থীদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের বিষয়গুলোও তারা কমিটির কাছে তুলে ধরেছেন বলে জানান ছাত্রদল সভাপতি।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে ইউজিসি সদস্য ও পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন সাংবাদিকদের বলেন, চুয়েটের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে এ কমিটি গঠন করা হয়েছে। প্রথমদিনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও শোনা হবে।

তিনি জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবে কমিটি। সংশ্লিষ্টদের বক্তব্য ও আলোচনায় উঠে আসা বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সুপারিশ করা হবে।

ছয় সদস্যের এ পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। সদস্য সচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা

এদিকে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের শিক্ষার্থীরা। তবে এ বিভাগের শিক্ষার্থীদের বাইরে অন্য কোনো বিভাগের শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে দেখা যায়নি। 

অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, ‘আমরা সম্মিলিত সিদ্ধান্তক্রমে প্রতিটি বিভাগের ব্যাচভিত্তিক শ্রেণি প্রতিনিধিদের দায়িত্ব দিয়েছিলাম, তারা যেন সবার সঙ্গে কথা বলে সুবিধাজনক সময় ক্লাস শুরু করেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রোববার থেকে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছেন। যেসব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হতে পেরেছেন তারা ক্লাসে অংশ নিয়েছেন। আশা করি, রোববার থেকে একযোগে সবাই ক্লাসে ফিরব।’

আরও পড়ুন

×