মব সন্ত্রাস ও ধর্মীয় নিপীড়ন বন্ধে ১০ দফা দাবি
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:৪৪
মৌলবাদ, মব সন্ত্রাস, ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়ন এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করে ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে সামাজিক ঐক্যজোট ‘সৌহার্দ্যের বাংলাদেশ’। এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে দেশব্যাপী স্মারকলিপি প্রদান, অনশন ও লংমার্চের মতো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরে জোটটি।
১০ দফা দাবির মধ্যে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বিচার, মাদ্রাসায় শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন বন্ধ, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সুফি মাজার ও খানকার ঐতিহ্য সংরক্ষণ এবং অর্পিত সম্পত্তি-সংক্রান্ত সমস্যার ন্যায়সংগত সমাধান।
বিবৃতিতে বলা হয়, মাজার, মন্দির, খানকা, ধর্মীয় উপাসনালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমের কার্যালয় এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অতীতে এসব হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আওতায় আনার দাবিও জানানো হয়।
মাদ্রাসায় শিশু নির্যাতন ও যৌন নিপীড়ন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, ওরশ, মেলা, পূজা, কনসার্ট এবং নারী-শিশুদের ক্রীড়া আয়োজনে নিরাপত্তার অজুহাতে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানিয়েছে জোটটি। ওরশ আয়োজনের ক্ষেত্রে হয়রানিমূলক অনুমতির নিয়ম বাতিলের দাবিও রয়েছে।
ধর্মীয় পরিচয়, বিশ্বাস, অবিশ্বাস কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও অন্যান্য সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে নাগরিকের ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
বাউল-ফকির, সুফি, হিন্দু সাধু ও লোকায়ত আধ্যাত্মিক ঐতিহ্যের অনুসারীদের ধর্মীয় প্রতীক বহন এবং শান্তিপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার অধিকার রক্ষার আহ্বানও জানিয়েছে জোটটি।
নারীর বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ধর্ষণ, পোশাকের কারণে অপমান, বাল্যবিবাহ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় দ্রুত বিচার দাবি করা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে শাহজালাল, শাহপরান ও খানজাহান আলীসহ ঐতিহাসিক সুফি মাজার ও খানকার স্বাতন্ত্র্য রক্ষা, ওয়াকফ সম্পত্তির স্বচ্ছ ব্যবস্থাপনা এবং ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ। অর্পিত বা পূর্বতন শত্রু সম্পত্তি-সংক্রান্ত সমস্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু নাগরিকদের বৈধ সম্পত্তির অধিকার পুনর্মূল্যায়ন এবং প্রকৃত মালিকদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সনাতনী সম্প্রদায়ের অধিকার রক্ষার আন্দোলনে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা দ্রুত ও নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানানো হয়েছে। অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ না থাকলে আইনানুগভাবে তাঁদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জোটটি।
বিবৃতিতে সৌহার্দ্যের বাংলাদেশ জানায়, তারা কোনো ধর্ম, সম্প্রদায় বা মতাদর্শের বিরুদ্ধে নয়। বরং সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ, সাংস্কৃতিক দমন, নারী নির্যাতন ও সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান। আইনের শাসন, ন্যায়বিচার, সমান অধিকার ও মানবিক মর্যাদার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
- বিষয় :
- মব
- সন্ত্রাসবাদ