ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২২:২৮
বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেল। বুধবার ঢাকার এয়ারপোর্ট রোডের পাম ভিউ রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের সভাপতি ও সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে আনন্দ আয়োজনের পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন জোরদারে বিভিন্ন কার্যক্রম এবং র্যাদফল ড্র অনুষ্ঠিত হয়।
শামীম খন্দকার বলেন, ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেলের সাত বছরের পথচলা নারী নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সমাজসেবার প্রতি অঙ্গীকারের একটি সুন্দর উদাহরণ। অসহায় মানুষের জন্য ঘর নির্মাণে সহায়তা, বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার প্রদান এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অবদান রাখার মতো উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লাবটির সভাপতি মারুফা জামান কলি বলেন, প্রতিষ্ঠার সাত বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় একাধিক উদ্যোগের কথা তুলে ধরে ক্লাবটি। এর মধ্যে রয়েছে গৃহহীন মানুষের ঘর নির্মাণে আর্থিক সহায়তা এবং একটি বৃদ্ধাশ্রমে হুইলচেয়ার প্রদান। এ ছাড়া সারা বছর আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালকে জরায়ুমুখের ক্যানসার ও হেপাটাইটিস বি প্রতিরোধী টিকার ডোজ অনুদান দেয় সংগঠনটি। আজিমপুর মাতৃসদন হাসপাতালে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পুষ্টিব্যাগ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীও প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা, পুষ্টি ও সামাজিক সুরক্ষার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- প্রতিষ্ঠাবার্ষিকী