ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইইডিসিআর পরিচালককে মারধর

ড্যাবের দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি

ড্যাবের দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত কমিটি
×
×

ছবি: সিসিটিভি ফুটেজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:৫৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ২০:২৫

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দুই সদস্যের বিরুদ্ধে। বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ডা. জাহিদ হাসান ও ডা. বাসেদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি পরিচালকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা পরিচালকের জামার কলার ধরে টানাহেঁচড়া করেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্যদিকে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ড্যাব।

একাধিক কর্মকর্তার সঙ্গে কথা জানা গেছে, পরিচালকের কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধর করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনার সিসিটিভি ফুটেজেও কয়েকজন ব্যক্তিকে পরিচালকের কক্ষে প্রবেশ করে তাকে চেয়ার থেকে টেনে তোলা এবং ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে কক্ষে উপস্থিত অন্য ব্যক্তিরা তাদের বাধা দিলে পরিচালক আবার নিজের চেয়ারে বসেন। 

ডা. জাহিদ হাসান যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ পাবলিক হেলথ প্রোটেকশন’ প্রকল্পে কাজ করতেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তার চাকরিরও অবসান ঘটে। 

আইইডিসিআরের পরিচালক হওয়ার আগে অধ্যাপক কাজী আহমেদ জাকী একটি জনস্বাস্থ্য প্রকল্পের দায়িত্বে ছিলেন। পরে তিনি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ায় ওই প্রকল্পের দায়িত্ব থেকে সরে যান। পরবর্তী সময়ে প্রকল্পটির দায়িত্বে ডা. জাহিদ হাসানকে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 

এদিকে, ঘটনার পেছনে অন্য বিরোধের সম্ভাবনার কথাও সামনে এসেছে। ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ প্রশ্ন তুলেছেন, বর্তমান সরকারের সময়ে পরিচালক কীভাবে আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন। তবে ওই বৈঠকের সঙ্গে বুধবারের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত নয়। 

ড্যাব সভাপতি নিজেও বলেছেন, চাকরি চলে যাওয়া কিংবা অন্য কোনো স্বার্থসংশ্লিষ্ট বিষয় থেকে ঘটনা ঘটেছে কি না, তা তার জানা নেই।

পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী সমকালকে বলেন, সরকারি প্রতিষ্ঠানে ‘কিছু দুর্বৃত্ত’ হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি তখন কোনো মন্তব্য করতে চাননি। তিনি মন্ত্রণালয়ে যাচ্ছেন বলেও জানান।

ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগী দুজনই তাদের সংগঠনের সদস্য। সংগঠনটি ঘটনাটি তদন্ত করছে এবং এ ধরনের ঘটনা সমর্থন করে না। ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তি ড্যাবের সদস্য বলে তারা তথ্য পেয়েছেন। অন্যদের পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে। কেউ সংগঠনের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ড্যাবের মহাসচিবের স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, পরিচালকের কক্ষে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের সভাপতি ও মহাসচিবের কাছে জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার তদন্তে বুধবার তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হানকে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ইমতিয়াজ হোসেন কমিটির সদস্যসচিব। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটিকে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।

আইইডিসিআর রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ, গবেষণা এবং জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারির দায়িত্ব পালন করে। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণার কারণে আলোচনায় ছিলেন অধ্যাপক কাজী আহমেদ জাকী। 

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×