ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জ

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের
×
×

অপহৃত রিদয়ান আনসারী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০১:৪৮

অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ার পর মুক্তি মেলেনি মানিকগঞ্জের কলেজছাত্র রিদয়ান আনসারীর (২৫)। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে রওনা হওয়ার পর অপহৃত হন রিদয়ান আনসারী। অপহৃতকে উদ্ধারের জন্য কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং এসআরবি-৩-এর কাছে লিখিত অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান না পাওয়াতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিদয়ান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছেলে। জেলার সিংগাইর উপজেলা এনপিবিআইয়ে বিবিএ পড়ার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন।

রিদয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারীর বলেন, গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। রাত সাড়ে ৯টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা রাতভর বিভিন্ন হাসপাতাল ও থানায় খোঁজ করেও সন্ধান পায়নি। পরদিন রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা ৩৯ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে আমার (শাহরিয়ার) ফোনে কল আসে। এর পর ফোনে রিদয়ানকে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদয়ানের সঙ্গে আমাদের কথা বলিয়ে দেওয়া হয়। প্রথমে একটি বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠানো হয়। পরে প্রাণনাশের হুমকি দিলে অন্য একটি বিকাশ নম্বরে আরও ৩০ হাজার টাকা পাঠানো হয়। এরপর ঢাকার হাতিরঝিলের ২ নম্বর ব্রিজে গিয়ে রিদয়ানকে নিয়ে যেতে বলা হয়। এক পর্যায়ে একটি নগদ নম্বরে আরও ৫ হাজার টাকা পাঠানো হয়। অপহরণকারীদের দেওয়া ঠিকানায় গিয়ে ভাইয়ে সন্ধান পাওয়া যায়নি।

বড় ভাই শাহরিয়ার আনসারী আরও বলেন, টাকা দেওয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

তিন ভাইবোনের মধ্যে রিদয়ান সবার ছোট। রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ জানান, অপহরণের পরদিন রোববার (২৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় তিনি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১৭৪৯। পাশাপাশি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে এসআরবি-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রিদয়ানকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার। অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ তদন্ত করে তাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনেরা।

আরও পড়ুন

×