ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চুয়েটে অংশীজন-ইউজিসির বৈঠক

রোববার থেকে ক্লাস শুরু

রোববার থেকে ক্লাস শুরু
×
×

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০১:৩৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে বুধবার সকাল ১০টা থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শক কমিটি। কর্মচারীদের কর্মসূচিতে চলমান অচলাবস্থা নিরসন ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটি শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মকর্তা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে উপমহলকে পরামর্শ দেবে এই কমিটি।

এদিকে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার চুয়েটে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের শিক্ষার্থীরা। তবে এ বিভাগের শিক্ষার্থীদের বাইরে অন্য কোনো বিভাগের শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে দেখা যায়নি। ফলে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে এখনো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

ইউাআরপি বিভাগের শিক্ষার্থী মহিদুর রহমান ইতু বলেন, অনেকদিন পর ক্লাসে ফিরে ভালো লাগছে। কিন্তু আমাদের এই ফেরা শর্তসাপেক্ষে ফেরা। আমাদের যে দাবি সেই দাবি পূরণ হলে শর্ত ছাড়াই আমরা শ্রেণিকক্ষে বসতে পারতাম। এক মাসের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় আমাদের শিক্ষা জীবন প্রলম্বিত হয়েছে। এতে আমরা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হব। তবে মন্ত্রণালয় নির্দেশে যেই কমিটি গঠন করা হয়েছে। আশা করি, কমিটি আমাদের দাবির প্রেক্ষিতে একটু সুষ্ঠু সমাধানের বিষয়ে পরামর্শ দিবে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। 

অন্য বিভাগেও কেন হয়নি ক্লাস

অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, আমরা সম্মিলিত সিদ্ধান্তক্রমে প্রত্যেক বিভাগের ব্যাচভিত্তিক শ্রেণি প্রতিনিধিদেরকে দায়িত্ব দিয়েছিলাম। তারা যেন সবার সঙ্গে কথা বলে সুবিধাজনক সময়ে ক্লাস শুরু করে। তারা সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলে আগামী রোববার থেকে সবাই একযোগে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যেসব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত হতে পেরেছে তারা আজকে ক্লাসে অংশ নিয়েছে। দূর-দুরন্তের অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে একটা সময়ের দরকার। আমরা আশা করি, রোববার থেকে একযোগে সবাই ক্লাসে ফিরব। 

এ বিষয়ে বস্তু ও ধাতব কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মামুনুর রশিদ জানান, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। অন্য ব্যাচগুলো আগামী রোববার থেকে ক্লাস শুরুর বিষয়ে আবেদনপত্রের মাধ্যমে জানিয়েছে। তবে আজ ক্লাস হয়নি।

এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিপু কুমার দাশ জানান, তৃতীয় বর্ষের পরীক্ষা, তারা আগামী সপ্তাহে পরীক্ষা দিতে চায়। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আগামী রোববার থেকে ক্লাস শুরু করবে। ক্লাস-পরীক্ষার জন্য বিভাগের প্রস্তুতি রয়েছে।

অংশীজনদের সঙ্গে পরামর্শ কমিটির বৈঠক সম্পন্ন

ইউজিসির গঠিত কমিটি বুধবার সকাল থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা আলাদা আলাদা রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় তারা শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবির কথা শুনেন। এবং উভয় পক্ষের নিকট নানা বিষয় জানতে চান। শিক্ষক এবং শিক্ষার্থীরা সেই আলোকে জবাব দিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা ডকুমেন্ট কমিটির নিকট প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি এবং গণস্বাক্ষর প্রদান করা হয়। 

শিক্ষক সমিতি সবার শেষে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. রাশিদুল হাসান বলেন, যে অচলাবস্থা আছে। সেই বিষয়টির আলোকে আমাদের যে অবস্থানটি আমরা এই কমিটির কাছে উপস্থাপন করেছি। কমিটি আমাদের বক্তব্য শুনেছে। আশা করি, কমিটি আমাদের শিক্ষকদের এই আন্দোলন বা পরিস্থিতির বিষয়ে যেগুলো আমরা প্রেজেন্টেশন করেছি, তাদের হাতে ডকুমেন্ট দিয়েছি এবং আমরা ভার্বালি-মৌখিক যে বক্তব্য দিয়েছি, সেগুলো সরকারের ঊর্ধ্বমহলে, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানাবেন। আমরাও বিশ্বাস করি, সরকার অতি দ্রুত এ বিষয়ে এই অচলাবস্থা নিরসনের জন্য একটি সুন্দর সিদ্ধান্ত আমাদেরকে উপহার দেবেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, শুরু থেকেই তারা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। আজকের বৈঠকে তাদের সেই অবস্থানের কথা কমিটিকে জানানো হয়েছে।

ইউজিসির পরামর্শ কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, চুয়েটের যে চলমান অবস্থা সমাধানে একটা পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। আমরা আজকে প্রথম দিনের মতো এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আমরা কর্মকর্তা-কর্মচারীদের কথা শুনবো।

শিক্ষার্থীদের সঙ্গে মিটিংয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ও সাবেক উপাচার্যের সঙ্গেও আলাদাভাবে বসবে তারা। পরবর্তীতে দুপুরে খাবারের পর প্রথমে কর্মকর্তা এবং পরবর্তীতে কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন ইউজিসি গঠিত পরামর্শ কমিটি। বৈঠক শেষে বিদায়ের সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তাতে সাড়া দেয়নি পরামর্শ কমিটি। 

ছাত্রদল কমিটির সঙ্গে বৈঠক

শিক্ষার্থীদের বৈঠক শেষে অডিটোরিয়ামে প্রবেশ করে ছাত্রদলের ৬-৭ জন নেতাকর্মী। সেখানে চুয়েট ছাত্রদল সভাপতি ওয়াসিফ রাশেদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইনসহ আরও অনেককে দেখা যায়। প্রবেশের অল্পকিছু সময় পর তাদের একজন বাদে বাকিদেরকে বেরিয়ে যেতে দেখা যায়। প্রবেশের সময় এবং বের হওয়ার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। এসময় তাদেরকে হেয় করে শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা কথা বলতে শুনা যায়। অডিটোরিয়াম থেকে বেরিয়ে ওয়াসিফ রাশেদ সাংবাদিকদের বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি। বর্তমানে যে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে এবং ক্লাস স্থগিত হয়েছে তা কারও জন্যই লাভজনক নয়। যেহেতু কমিটি অচলাবস্থা নিরসনের জন্য গঠিত, তাই আমরা এখানে মতামত দিতে এসেছি। তিনি আরও বলেন, উপাচার্য নিয়োগ রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং আমরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমরা কারও প্রতিপক্ষ হিসেবে আসিনি। 

ছাত্রদল সভাপতি বলেন, প্রথম দিন অনেকে উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিল, তাদের বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন অ্যাকাডেমিক গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সর্বোপরি শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করি।

আরও পড়ুন

×