ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ৭ ঘণ্টায় আটক  ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, ৭ ঘণ্টায় আটক  ২
×
×

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০২:০৮

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় সাত ঘণ্টার মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইব্রাহিম ও মাসুদ রানা। সদর উপজেলার একই গ্রামের বাসিন্দা জানিয়েছেন পুলিশ। 

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। সেখানে নিহত হন  সদর উপজেলার দিল সাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মাটি ব্যবসায়ী খোরশেদ আলম ।  

নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, বুধবার দুপুরে দুই ব্যক্তি খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি খোরশেদকে গুলি করেছেন বলে তাঁদের জানানো হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইব্রাহিম ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।   

আরও পড়ুন

×