ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুই পর্যটকের মৃত্যু

পদ্মা সেতু এলাকায় সন্ধ্যার পর নৌবিহারে নিষেধাজ্ঞা

পদ্মা সেতু এলাকায় সন্ধ্যার পর নৌবিহারে নিষেধাজ্ঞা
×
×

নিখোঁজ পর্যটকের উদ্ধার অভিযান

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০৬:৩৮

দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সন্ধ্যা ৬টার পর নৌবিহারে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এ আদেশ দেন।

গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাট পরিদর্শন করেন ইউএনও। এ সময় শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি এবং পদ্মা সেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়।

পরে শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের ইউএনও জানান, নদী পথের নিরাপত্তা নিশ্চিত করা, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পর্যটক ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। সে অনুযায়ী, পর্যটকদের জন্য পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হবে। এ ছাড়া সন্ধ্যা ৬টার পর পর্যটকদের নদীতে নৌবিহার ও ঘোরাফেরায় নিষেধাজ্ঞা থাকবে।

গত সোমবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পানিতে নেমে দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন এ রকম সিদ্ধান্ত নেয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বিআইডব্লিউটিএর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মাওয়া নৌ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মো. মালেক খান খসরু, টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন এবং শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

আরও পড়ুন

×