মাকে দেখে ঢাকায় ফেরার পথে প্রাণ গেল ছেলের
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২১:০১
রাজধানীর যাত্রাবাড়ীতে উড়ালসড়কের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু সমকালকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবুল কাসেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার জানান, বিকেলের দিকে আমরা কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছিলাম। মেয়র হানিফ উড়ালসড়কে পৌঁছে দেখতে পাই, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। তাঁর মাথায় গুরুতর জখম। পাশেই মোটরসাইকেল পড়ে আছে। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত আবুল কাশেমের নাতি সোয়াত। তিনি বলেন, আমার দাদা তার বৃদ্ধা মাকে দেখতে গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তিনি মারা যান। ঢাকায় তিনি পরিবারের সঙ্গে পূর্ব শেওড়াপাড়ায় থাকতেন। আমার দাদা দুই সন্তানের জনক ছিলেন। শেওড়াপাড়ায় তাঁর নির্মাণ সামগ্রীর ব্যবসা রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
- বিষয় :
- রাজধানী
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- শরীয়তপুর