ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের আগাম জামিন

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতিসহ ১৪ জনের আগাম জামিন
×

ফাইল ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০৭:৫৫

ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় লালবাগ থানায় করা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

জামিন পাওয়া অপর নেতাকর্মীরা হলেন, রিতু আক্তার মিম ইসলাম, নুর জাহান, স্বর্ণা ওরফে আনিকা তাবাসসুম, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি ও ফারজানা নীলা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আবুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হোসেন। এর আগে গত ৩ সেপ্টেম্বর একই মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়া ৯ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

গত ২৫ সেপ্টেম্বর ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনায় ১০ জন আহত হন। ওইদিন রাতে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য ১৬ জনকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

×