ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেমিনারে বক্তারা

সুষম উন্নয়নে জরুরি প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণ

সুষম উন্নয়নে জরুরি প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণ
×

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯:১০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯:১০

বঙ্গীয় বদ্বীপের নদনদী, বিলঝিল, হাওরসহ প্রকৃতি ও পরিবেশ দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দখল, দূষণসহ নানাভাবে নদী ও জলাভূমিকে প্রতিবেশ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তাই নতুন করে প্রকল্পভিত্তিক পানি সংরক্ষণ না করে নদী-জলাশয় সুরক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। কেননা সুষম উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণ করা জরুরি।

বিশ্ব জলাভূমি দিবস-২০২৩ উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। 'আমাদের কৃষি, প্রকৃতি, জলাভূমির সুরক্ষা এবং নদী দখলদারী প্রতিরোধে করণীয়' শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে এএলআরডি, বেলা এবং পানি অধিকার ফোরাম।

এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। এ ছাড়া হাওরে সরেজমিন ঘুরে সেখানকার পরিস্থিতি তুলে ধরেন এএলআরডির ম্যানেজার-প্রোগ্রাম সানজিদা খান রিপা এবং প্রোগ্রাম অফিসার মির্জা আজিম হায়দার।

মুজিবুর রহমান বলেন, নদী প্রবাহ বন্ধ করা একটি ফৌজদারি অপরাধ। এসব অপরাধ বন্ধে আমাদের বঙ্গবন্ধুর আদর্শে সোনার মানুষ গড়ে তুলতে হবে। প্রয়োজনে জিআইএস, জিপিএস ব্যবহার করে নদী-জলাশয় চিহ্নিত করে তা উদ্ধারের ব্যবস্থা করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে শেখ রোকন বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ফলে নদী, খাল, বিল তাদের প্রকৃত রূপ হারাচ্ছে। বাঁধ, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণের ফলে পানি প্রবাহ ও মৎস্য সম্পদের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জলাভূমি ও নদী দখলের একটি দুষ্টচক্র গড়ে উঠেছে দেশে। নদীপথ ব্যবহার উপযোগী করলে নদীর প্রতি মানুষের ভালোবাসা জন্মাবে, তারা নিজ দায়িত্বেই নদীর দেখভাল করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং হাওর এরিয়া আপলিস্টমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী।

আরও পড়ুন

×