কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নিজের রিসোর্ট দিতে চান হাফিজ ইব্রাহিম
বনের মাঝে গড়ে তোলা রিসোর্ট -সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৫:৪৭ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ০৭:২২
সারা বিশ্বে করোনার ভয়াবহতার মধ্যে বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত কিংবা আক্রান্ত আশঙ্কায় সন্দেহভাজন ব্যক্তিদের কোয়ারেন্টাইনের জন্য নিজের রিসোর্ট ব্যবহার করতে দিতে চান বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। হোম কোয়ারেন্টাইনের জন্য গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট লিমিটেডকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে দিতে চান তিনি।রোববার সমকালের সঙ্গে আলাপকালে তিনি এ আগ্রহের কথা জানান।
হাফিজ ইব্রাহিম বলেন, ইকো রিসোর্টে ১০০টির ওপরে সুসজ্জিত কক্ষ আছে। সরকার যদি ইচ্ছা পোষণ করে, বিনামূল্যে আমরা কোয়ারেন্টাইন সেন্টারের জন্য রিসোর্টটি দিতে প্রস্তুত।
হাফিজ ইব্রাহিম এ রিসোর্টের কর্ণধার। ২০০৯ সালে এ রিসোর্টটি তৈরি হয়। এটির অবস্থান গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে। প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট।
রাজেন্দ্র ইকো রিসোর্টে ৫৭টি কটেজের মধ্যে ১৪টি ইতোমধ্যে তৈরি হয়েছে, যাতে শতাধিক কক্ষ আছে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাটির ঘর।
মানবিক সাহায্যের জন্য হাফিজ ইব্রাহিম এগিয়ে আসায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের উচ্চ মহলের একটি টিম রিসোর্টটি পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে রিসোর্টের পরিচালক যসোদা জীবন দেবনাথ ও পরিচালক এজাজুল জানিয়েছেন।
হাফিজ ইব্রাহিম বলেন, দেশের জনগণের প্রয়োজনে সকলকেই এগিয়ে আসতে হবে। সকলে মিলে একসঙ্গে এই দুর্যোগ মুহূর্ত মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, এই রিসোর্ট ব্যবহার করতে হলে সরকারকে চিকিৎসা সুবিধা সংযোজন করতে হবে। বাংলাদেশে কর্মরত বিদেশিদের হোম কোয়ারেন্টাইনের জন্য তার রিসোর্ট সরকার ব্যবহার করতে পারে। সবচেয়ে ভালো হয় সেনাবাহিনীর মাধ্যমে কোয়ারেন্টাইন তদারকির ব্যবস্থা করতে পারলে।
- বিষয় :
- করোনাভাইরাস
- কোয়ারেন্টাইন সেন্টার
- রিসোর্ট
