ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেসেঞ্জারে ‘বাঁচাও হেলথ’ জরুরি স্বাস্থ্যসেবা

মেসেঞ্জারে ‘বাঁচাও হেলথ’ জরুরি স্বাস্থ্যসেবা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৪:২০

করোনাভাইরাসের মহামারীর এই সময়ে সারা বিশ্ব এখন আতংকিত। ডাক্তাররা নিজের, পারিবারিক এবং অন্য রোগীদের সুরক্ষার কথা ভেবে বন্ধ রাখছেন প্রাইভেট প্র্যাক্টিস। অনেক ছোট খাটো হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তো অন্য রোগব্যাধি থেমে নেই। স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ কমে আসায় একদিকে যেমন রোগী কষ্ট পাচ্ছেন, অন্যদিকে ঝুঁকির মুখে আছেন বিভিন্ন জায়গায় কর্মরত ডাক্তাররাও।

এমন অবস্থায়, ‘বাঁচাও হেলথ’ টেলিমেডিসিন সেবা উন্মুক্ত করে দিয়েছে ডাক্তার এবং রোগীদের জন্য। গত ২০ মার্চ থেকে এই ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করার ঘোষণার পর ৭৫জন স্বেচ্ছাসেবী ডাক্তার বাঁচাও হেলথের সঙ্গে যোগ দেয়। উদ্দেশ্য মানব সেবা করা, মানুষের কষ্ট লাঘব করা, হাসপাতালে রোগীর প্রবাহ কমানো- যেন ডাক্তার ও রোগী কেউই এই ভয়াবহ সংক্রামক ভাইরাস করোনায় আক্রান্ত না হন। সরকারি ছুটি শুরু করার পর এই সার্ভিস আরও প্রযোজনীয় হয়ে উঠেছে।

বাংলাদেশ সরকারের বিভিন্ন টেলিমেডিসিন সেবা থেকে বাঁচাও হেলথের কার্যক্রমের কিছু বিশেষ পার্থক্য রয়েছে। এই স্বাস্থ্যসেবা দেয়া হয় শুধুমাত্র ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে। আপনি m.me/bachaohealth এই লিংকে ক্লিক করলেই কানেক্টেড হয়ে যাবেন একজন এমবিবিএস ডাক্তারের সাথে। ভয়েস কল/ভিডিও কল/চ্যাটের মাধ্যমে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন। এবং সবশেষে ডাক্তার আপনাকে প্রয়োজনীয় উপদেশ দিবেন। এই সেবা সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টাই অপারেট করছে।

বাঁচাও হেলথ এখন পর্যন্ত গত ২০শে মার্চ থেকে ১৬শ’ রোগীর চিকিৎসা সেবা দিয়েছে এবং ৫ হাজারেরও বেশি সাধারণ স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসার উত্তর দিয়েছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ভিডিও, আর্টিকেল ও গ্রাফিক্যাল কন্টেন্টের মাধ্যমে সচেতনতা তৈরি করার কাজ করে যাচ্ছে। 

করোনাভাইরাস নিয়ে জনমনে যে আতংক সৃষ্টি হয়েছে, তা মোকাবিলা করার জন্য রয়েছে সাইকোলজিস্টদের সমন্বয়ে কিছু কার্যক্রম। যেমনঃ নিয়মিত গ্রুপ থেরাপি, কাউন্সিলিং, সাইকোলজিক্যাল হেল্প নিয়ে নিয়মিত আর্টিকেল প্রকাশ ইত্যাদি।

করোনা ভাইরাস বিষয়ক সঠিক তথ্যটা প্রচার করার মাধ্যমে করোনাভাইরাসের মহামারী কাটিয়ে উঠার বৈশ্বিক যে মূলমন্ত্রঃ Pass the message and kick off corona virus এর আদলে বাঁচাও হেলথের কার্যক্রম ‘সঠিক তথ্য ছড়িয়ে দিন, করোনাভাইরাস হটিয়ে দিন’ যেখানে সঠিক তথ্যটা প্রচার করা হচ্ছে। এছাড়া শুধুমাত্র সঠিক তথ্য প্রচার করতে ফেইসবুক গ্রুপের মাধ্যমেও চলছে বিভিন্ন কার্যকম। 

এই সবকিছুর পরেও আমরা এই মহামারী কাটিয়ে উঠতে পারবো না যদি না আমাদের ডাক্তার সমাজ অরক্ষিত থাকে। তাই, বাঁচাও হেলথ কাজ করছে ডাক্তারদের জন্য পিপিই পৌঁছে দেওয়ার কার্যক্রম নিয়ে: PPE on The wall.-you pay, we deliver. যেখানে এমন সব ডাক্তারকে পিপিই পৌঁছে দেওয়া হচ্ছে যাদের আসলেই প্রয়োজন। কিন্তু এই পিপিই কেনার টাকা দিচ্ছেন সাধারণ জনগণ। আমরা এখন পর্যন্ত, এই কার্যক্রমের আওতায় প্রায় ২ শ’ জন ডাক্তারকে পিপিই পৌঁছে দিয়েছি।

এই করোনা ক্রাইসিসের সমাধান শুধু ডাক্তার বা শুধু রোগী করতে পারবে না। প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। রোগীদের কষ্ট লাঘব করা এবং ডাক্তারদের সুরক্ষিত রাখার প্রচেষ্টা বাঁচাও এর। যেন হাতে হাত রেখে এই দুর্যোগ কাটিয়ে ওঠা যায়। এটাই বাঁচাও হেলথের কার্যক্রমের মূল লক্ষ্য।

আরও পড়ুন

×