শান্তিরক্ষা মিশনে যৌন হয়রানির কোনো জায়গা নেই: পররাষ্ট্রসচিব
জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে প্রস্তুতি সভায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ছবি-পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১২:১০ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ০৭:৫১
বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি সবাইকে এই ধরনের ঘটনা প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। রোববার ঢাকার একটি হোটেলে দুই দিনের প্রস্তুতি সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।
ঢাকায় প্রস্তুতিমূলক বৈঠকের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জাতিসংঘ শান্তি রক্ষায় নারী’। সভায় শান্তি রক্ষা কার্যক্রমে নারী শান্তি রক্ষা বাহিনীর অবদানের স্বীকৃতি দেওয়া, তাদের প্রতি বৈষম্যমূলক ও যৌন নিপীড়নমূলক ঘটনা প্রতিরোধের আহ্বান জানানো হয়।
পররাষ্ট্রসচিব তার বক্তব্যে বলেন, ‘সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে সেটির কৌশল নির্ধারণ খুঁজে বের করার দিকে আমরা তাকিয়ে আছি।’
তিনি বলেন, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ শান্তি রক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের ভিত্তি তৈরি করবে এই প্রস্তুতিমূলক সভা। কিছু শান্তি রক্ষা কার্যক্রমের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর উদ্বেগের বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।
শান্তিরক্ষায় নারীদের যথাযথ অংশগ্রহণ শুধু লিঙ্গ সমতার জন্য প্রয়োজন নয়, এটি কার্যকর শান্তিরক্ষা মিশন এগিয়ে নেওয়ার জন্য একটি বড় উপাদান বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও লিঙ্গ সমতার মূলনীতি প্রসারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে এই প্রস্তুতিমূলক সভার যৌথ আয়োজক। প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দেন জাতিসংঘ শান্তি রক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের লাক্রোয়া এবং ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্লায়েন্স বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড।
এ বছরের ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় জাতিসংঘের শান্তি রক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে।
/ওআর/আরএইচ/
