শিক্ষার্থীদের সহায়তা দিতে ফান্ড গঠনের উদ্যোগ ডাকসুর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:২২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৭:১৯
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে 'শিক্ষার্থী সহায়তা ফান্ড' গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বৃহস্পতিবার ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানী ও এ জি এস সাদ্দাম হোসেনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সাম্প্রতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতিটি প্রয়োজনে সজাগ ও সক্রিয় রয়েছে। যে কোনো প্রয়োজনে নিরাপত্তাহীনতা বা অসহায়ত্বে না ভুগে ডাকসুকে অবগত করতে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী নিজে বা তার পরিবারের কোনো সদস্যের চিকিৎসাজনিত সহায়তার প্রয়োজন হলে ও পারিবারিক-আর্থিক অসচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হলে ডাকসু পাশে থাকবে। করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা যাতে সাময়িক/অদূর ভবিষ্যতে সমস্যা-সংকটে পতিত না হয়, তা নিশ্চিত করতে সবার সহযোগিতায় প্রয়োজনে একটি 'শিক্ষার্থী সহায়তা ফান্ড' গঠনের উদ্যোগ নেওয়া হবে।
