ই-কোয়ালিটির ধারণা জাতিসংঘে তুলে ধরবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৫:৫৪
বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার ও তাতে অংশগ্রহণে সমতা তৈরিতে ই-কোয়ালিটি সেন্টার করছে সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। শনিবার এ বিষয়ে কর্মরত বিদেশি কূটনৈতিকদের প্রাথমিক ধারণা দেয় আইসিটি বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিক ও মিশনপ্রধানদের প্রাতরাশ বৈঠকে আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, মালদ্বীপ, ফিলিপাইন, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, ভুটান, নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন ই-কোয়ালিটি সেন্টারের ধারণা তুলে ধরেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, মূল উদ্দেশ্য ছিল ‘ডিজিটাল ডিভাইড’ অর্থাৎ গরিবের যেখানে সুযোগ কম, সেখানে তাদের সুযোগ করে দেওয়া, সবাইকে সমতায় নিয়ে আসা। সবার মধ্যে ডিজিটাল ও আইসিটি এক্সেস যেন থাকে। এ ক্ষেত্রে বিশ্বব্যাপী বৈষম্য কমিয়ে আনা।
তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বের সব দেশের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একসঙ্গে কাজ করতে হবে সাইবার নিরাপত্তায়। উন্নত রাষ্ট্র থেকে সহযোগিতা নেওয়া এবং অনগ্রসর দেশকে সহযোগিতা করাই ই-কোয়ালিটি সেন্টারের মূল উদ্দেশ্য। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ই-কোয়ালিটি সেন্টারের ধারণা তুলে ধরা হবে।
সচিব বলেন, এই কাজে বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিজিটালি অগ্রসর দেশগুলো সহায়তা দিচ্ছে। আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে চাই।
সাইবার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে কথা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, সব কিছু নিয়েই কথা হয়েছে। এখন যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ড, তাই কোনো কিছুই বাদ দেওয়া যাবে না।
