ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডিআরইউর বিবৃতি

সাইবার আইনের নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি

সাইবার আইনের নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৮

পুলিশের তল্লাশি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দের ক্ষমতা, পরোয়ানা ছাড়া গ্রেপ্তারসহ নিবর্তনমূলক ধারা বহাল রেখে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) জাতীয় সংসদে তড়িঘড়ি করে পাস করতে যাওয়ার প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আইনটি সংসদে পাসের আগেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তল্লাশি ও জব্দের পুলিশি ক্ষমতা-সংক্রান্ত ৪২ ধারাসহ নিবর্তনমূলক সব ধারা বাতিল ও বিতর্কিত ধারা সংশোধন করারও জোর দাবি জানিয়েছে তারা।

রোববার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ প্রতিবাদ জানান।

তারা বলেন, আইনটি সংশোধন ছাড়া জাতীয় সংসদে পাসের মাধ্যমে কার্যকর হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই তা স্বাধীন মতপ্রকাশ ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি হবে। জাতীয় ও আন্তর্জাতিক মহলের উদ্বেগ, মতামত ও প্রস্তাবনা উপেক্ষা করে দমনমূলক ধারাসহ আইনটি পাস করা হলে তা সাংবাদিক সমাজের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

১৯ সাংবাদিক সংগঠনের যুক্ত বিবৃতি

একই দাবিতে যুক্ত বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং সারাদেশে এর অধীন ১৮টি অঙ্গ ইউনিয়নের নেতারা।

তারা বলেন, সংসদে উত্থাপিত বিলে ডিজিটাল নিরাপত্তা আইন রহিতকরণের কথা বলা হলেও এর অধীনে বর্তমানে তদন্ত ও বিচারাধীন ছয় হাজার মামলা ডিজিটাল আইন অনুযায়ী বিচারের বিধান রাখা স্ববিরোধিতা এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকনসহ বিবৃতিদাতা সংগঠন ও নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

আরও পড়ুন

×