ঢাকায় ব্রিকসের ব্যাংকের শাখা খুলতে সংসদে বিল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৪:২৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৪:৪৯
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল–২০২৩’ জাতীয় সংসদে তোলা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের সময় দিয়ে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে এগ্রিমেন্ট অন দ্যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সাক্ষরের মাধ্যমে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে একটি বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ মোট আটটি দেশ এর সদস্য। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এনডিবির সদস্য লাভ করে। এনডিবির আর্টিকেল অব এগ্রিমেন্ট অনুযায়ী এগ্রিমেন্ট অন দ্যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অনুসমর্থন করা প্রয়োজন।
বিলটি তোলার সময়ে আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে বলেন, ‘ব্রিকস গোষ্ঠী থেকে এই ব্যাংকটি করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এই ব্যাংকে যারা সদস্য হবেন তারা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। আমরা যেটা করছি, এই ব্যাংক আইনটা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে এরই মধ্যে আমদের প্রস্তাব অনুযায়ী তারা আমাদের অর্থাৎ বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই আইনটা করার পরই আমরা সেই চুক্তিতে সদস্য হব, সদস্য হওয়ার পরই ঋণ নিতে পারব। সেই জন্যই এই আইনটা পাস করা অত্যন্ত জরুরি, এজন্যই এই বিলটি আনা হয়েছে। এই ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে সেটা শুধু ডলারে দেওয়া হবে না, এটা একটি শিথিলযোগ্য, স্টালিং পাউন্ড, ইউরো, ডলার, রুবল, ইউয়ান যে কোনো কারেন্সিতে ঋণ দিতে পারবে এ ব্যাংক। সেজন্য আমার মনে হয়, এটা অত্যন্ত অত্যাধুনিক একটা ব্যাংক হচ্ছে।
ব্যাংক থেকে সুবিধা পাওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে, অলরেডি প্রস্তাব দেওয়া হয়ে গেছে এবং তারা সম্মত, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্মতি দিয়েছে বাংলাদেশকে লোন দেওয়ার জন্য।
চলতি সংসদে পাস হচ্ছে না গণমাধ্যমকর্মী বিল
একাদশ সংসদে পাস হচ্ছে না গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল। সোমবার সংসদের বৈঠকে এ বিলটির ওপর রিপোর্ট উত্থাপনের জন্য পঞ্চম দফায় আরও ৯০ দিন সময় নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নির্দিষ্ট সময়ে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে না পারায় সোমবার জাতীয় সংসদে আরও ৯০ দিন সময় চান সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে সংসদ তাতে অনুমোদন দেয়।
গত বছরের ২৮ মার্চ আলোচিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ সংসদে তুলেছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে না পেরে বারবার বাড়তি সময় নেয় সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে এখনও কোনো ধরনের আলোচনাও হয়নি। চলতি সংসদে এই বিলটি নিয়ে প্রতিবেদন জমা না দিলে তা তামাদি হয়ে যাবে। আসন্ন দ্বাদশ সংসদে পাস করতে হলে বিলটিতে নতুন করে সংসদে তুলতে হবে।
উল্লেখ্য ২৫তম অধিবেশনই একাদশ সংসদের শেষ অধিবেশন বলে আগেই জানানো হয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে সংসদে আলোচনার কথা জানালেন স্পিকার
ফিলিস্তিন বিষয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য একটি দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা জানান। সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী। এ সময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভাণ্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে।
গত রোববার চলতি সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য সংসদ শোক জানায়।
- বিষয় :
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
- বিল
- সংসদ
- পাশ
