চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৫:৫৯
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
আজ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং ওই বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম বা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।