ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হবিগঞ্জ

টমটমে বসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত শতাধিক

টমটমে বসা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত শতাধিক
×
×

মোল্লাবাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২২:৩৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ২২:৩৪

হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, টমটমে (ইজিবাইক) বসাকে কেন্দ্র করে তিন যাত্রীর মধ্যে বাগ্বিতণ্ডার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ রোববার বিকেলে টমটমে (ইজিবাইক) বসা নিয়ে উমেদনগরের খাঁ বাড়ির সৈয়দ আলী এবং মোল্লাবাড়ির আফিল উদ্দিনের পক্ষের দুই নারীর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

আহতদের মধ্যে শামছুল হক খান, সানি মিয়া, মোবারক খান, সুজন মিয়া, ইমতিয়াজ খান, সিফাজুল, সালেক খান, ইয়াসিন খান, আব্দুল মন্নান, সোহান মিয়া, তাউছ মিয়া, শিফাজুল খান, ইব্রাহিম খান, লাদেন খান, দৌলত খান, জালাল খান, হাফিজুল খান, জাবেদ খান, আফজাল আহমেদ, লকুজ মিয়া, নিহাদ মিয়া, আবজল খান, কামাল খান, মর্তুজ আলী, কামরুল ইসলাম, রোহান, আশরাফুল, সালমান, হোসাইন, আনফর, আহাদ মিয়া, মাসুক মিয়া, ফরহাদ, জুয়েল মিয়া, সামিউল খান, মনু খান, সিরাজুল, তাজুল ইসলাম, কারিমুন্নেছা, সোহান, আনাউর রহমান, এনাম খান, জানু মিয়া, সুমাইয়া ও সোহাগ মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×