ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

যুবদল নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬, তিনটি অস্ত্র উদ্ধার

যুবদল নেতা হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৬, তিনটি অস্ত্র উদ্ধার
×
×

সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশ সুপার মাসুদ আলম। ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২১:২৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ২১:২৯

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা তারেক হোসেন বাপ্পীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা ডিবির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ রোববার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ জানায়, নিহত বাপ্পীর সঙ্গে মো. আরিফ হোসেন ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাপ্পী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বেশ কয়েকবার সতর্ক করেছিলেন। কিন্তু ছাত্রদল নেতা আরিফ ও তার বাহিনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বাপ্পী ও শাওনের ওপর হামলা চালায়। এতে বাপ্পী মারা যান।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় বাপ্পীর মা জমিলা খাতুন বাদী হয়ে শনিবার রাত ১২টার দিকে ১৮ জনকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের মূল আসামি আরিফকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে আবার অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়।

গত শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর মোড়ে আরিফ ও তার বাহিনীর গুলিতে নিহত হন তারেক হোসেন বাপ্পী। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরেক যুবক গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

×