ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক: নজরুল ইসলাম আজাদ

দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক: নজরুল ইসলাম আজাদ
×
×

আড়াইহাজার উপজেলা পরিষদ অডিটরিয়ামে বক্তব্য দেন ঢাকা বিভাগীর সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ছবি: সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২০:৪১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ২০:৪২

দুর্গাপূজা কেবল আনন্দ-উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, পূজার এই শিক্ষাকে ধারণ করতে পারলেই উৎসবের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ আর্থিক বরাদ্দ, দীর্ঘতম ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি। এ আগে তিনি উপজেলা অডিটরিয়ামে ৩৭টি মন্দিরে অনুদান প্রদান করেন। অনুদানের মধ্যে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পূজামণ্ডপে নগদ অর্থ, গেঞ্জি, লুঙ্গি ও শাড়ি-কাপড়, উপজেলা পরিষদ থেকে পাঁচ হাজার টাকাসহ ছয়শ’ কেজি চাল এবং জেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

নজরুল ইসলাম আজাদ বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান আড়াইহাজারের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে এবং সবাইকে মিলেমিশে শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে। মনে রাখতে হবে, দুর্গাপূজা সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষের পাশে থাকার শিক্ষা দেয়।

তিনি বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর, প্রগতিশীল ও মানবিক আড়াইহাজার গড়ে তুলতে বদ্ধপরিকর। যেখানে কোনো অন্যায়-অবিচার চলবে না। আড়াইহাজারে জুয়া, মাদক, ডাকাতি, চাঁদাবাজি, দখলদারির কোনো স্থান নেই। এব্যপারে আমরা সবসময় জিরো টলারেন্স। আপনারা দেখেছেন, ইতিমধ্যে আড়াইহাজারে ডাকাতি অনেকটা বন্ধ হয়ে গেছে। অন্যান্য অপরাধের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থা নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিকুল ইসলাম, আড়াইহাজারের ইউএনও মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ। 

আরও পড়ুন

×