অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন সমকালের শাহেরীন আরাফাতসহ চার সাংবাদিক
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২০:৪৮
অভিবাসী নারীদের ঋণের কিস্তি পরিশোধের চাপে প্রবাসে আটকে থাকার বাস্তবতা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে সম্মাননা পেয়েছেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহেরীন আরাফাত। ‘ঋণের কিস্তিতে বন্দি অভিবাসী নারী’ শিরোনামের প্রতিবেদনের জন্য তাঁকে এ সম্মাননা দিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)।
একই আয়োজনে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন আরও তিন সাংবাদিক। তাঁরা হলেন চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাছুম কামাল এবং ঢাকা স্ট্রিমের নিজস্ব প্রতিবেদক তৌফিক হাসান।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিবাসন অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় পরিচালিত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস-২)’ প্রকল্পের অ্যাক্সেস টু জাস্টিস কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনডব্লিউএলএ।
অনুসন্ধানী সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকেরা দেড় মাস ধরে নিজ নিজ সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেন। জমা পড়া ১৭টি প্রতিবেদন থেকে জুরি বোর্ড চারটি প্রতিবেদনকে পুরস্কারের জন্য নির্বাচিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তব্যে আহমেদুল হক বলেন, সরকার সাধারণত কত মানুষকে বিদেশে পাঠানো হবে, সেই সংখ্যার ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করে। বর্তমান সরকারেরও এমন লক্ষ্য রয়েছে। তবে এবার গন্তব্য দেশের ঝুঁকি যাচাই, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির পরিচালক মো. আশরাফুল হক। সম্মানিত অতিথি ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক নাজমুল ইসলাম সরকার এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক রিফাত আরা সুলতানা। বক্তব্য দেন হেলভেটাস বাংলাদেশের সিমস প্রকল্পের সমন্বয়কারী সাজ্জিদ আহমেদ।
জুরি বোর্ডের সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী এবং চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মাশরুরুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁরা অনুসন্ধানী প্রতিবেদনকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, অভিবাসী কর্মীরা দেশে ও গন্তব্য দেশে নানা ধরনের বাধার মুখে পড়েন। দালালের প্রতারণা, কর্মস্থলে শোষণ এবং আইনি প্রতিকার পেতে হয়রানি তাঁদের ভোগান্তির অন্যতম কারণ। দেশে ফিরে এসেও অনেককে ন্যায়বিচার পেতে সমস্যায় পড়তে হয়। এ পরিস্থিতিতে নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।
তাঁরা বলেন, অভিবাসীদের প্রতারণা ও ভোগান্তির চিত্র তথ্য-প্রমাণের ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরতে হবে। নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এসব সমস্যা সামনে এলে সাধারণ মানুষ সচেতন হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রতিকার ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত হবে।
- বিষয় :
- পুরস্কার