ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ

প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
×
×

হাসপাতালে চিকিৎসা নেন আহত প্রবাসী মাসুম মোল্লা। ছবি: সমকাল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২২:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক প্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে আধুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেট কারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

প্রবাসী মাসুম মোল্লা রূপগঞ্জ উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তাঁর শ্বশুর বরকত উল্লাহ জানান, তাঁর বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা তোলেন। পরে টাকাগুলো তাঁর মেয়ের জামাই মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।

বরকত উল্লাহর কাছ থেকে বুঝে নেওয়া ২৬ লাখ ৮০ হাজার টাকা একটি ব্যাগে ভরে নিয়ে মাসুম মোল্লা মোটরসাইকেলে করে নিজ বাড়ি করাটিয়ার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন-চারজনের একটি দল তাঁর পথরোধ করে। এ সময় টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাঁকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানান তাঁর শ্বশুর বরকত উল্লাহ। এই ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছেন তারা। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×