ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আপিল বিভাগের রায়

আফতাবনগরে বসবে না কোরবানির পশুর হাট

আফতাবনগরে বসবে না কোরবানির পশুর হাট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৩:২৬ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ১৪:৪৩

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন কোরবানির ঈদে আফতাবনগরে বসছে না পশুর হাট।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবীরা সাংবাদিকদের জানান, আবাসিক এলাকা বিবেচনায় আফতাবনগরে এ বছর পশুরহাট বসবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ।

এর আগে গত ৮ মে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। এদিন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ হাইকোর্টে করে রিট করা হয়।

আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী হাইকোর্টে রিট করেন।

এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয়।

আরও পড়ুন

×