ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব মহাপরিচালক খুরশীদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা

র‌্যাব মহাপরিচালক খুরশীদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২১:৩০

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে মঙ্গলবার তিনি অবসরে যান। এই উপলক্ষে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, এম খুরশীদ হোসেন দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী কর্মকর্তার সুন্দর ও সুস্থ জীবন কামনা করেন পুলিশ প্রধান।

পরে অন্য পুলিশ কর্মকর্তারা তাদের বক্তব্যে র‌্যাবের বিদায়ী মহাপরিচালকের কর্ম ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম খুরশীদ হোসেন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগ দেন। তিনি ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। সরকার তার কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে স্বাভাবিক অবসরের পর গত বছরের ৫ জুন থেকে এ বছরের ৪ জুন পর্যন্ত এক বছর র‌্যাব মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

আরও পড়ুন

×