তারকা ও গল্পে নজর কাড়বে যে ৫ সিনেমা
ছবি: সংগৃহীত
বিবিসি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪৯
সেপ্টেম্বরজুড়ে প্রেক্ষাগৃহে আসছে ভিন্ন স্বাদের বেশ কিছু সিনেমা। হরর, অ্যাকশন, সারভাইভাল অ্যাডভেঞ্চার থেকে শুরু করে অতিপ্রাকৃত গল্প—দর্শকদের জন্য থাকছে নানা ধরনের আয়োজন। বড় তারকার উপস্থিতির পাশাপাশি কয়েকটি সিনেমা এরই মধ্যে নির্মাণশৈলী, গল্প ও অভিনয়ের কারণে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে ব্র্যাড পিটের সারভাইভাল অ্যাডভেঞ্চার, নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলকের বহু প্রতীক্ষিত সিক্যুয়েল এবং নতুন ‘রেসিডেন্ট ইভিল’—সিনেপ্রেমীদের নজর কাড়তে পারে এসব সিনেমা। সেপ্টেম্বরে দেখার মতো আলোচিত পাঁচ সিনেমা নিয়ে এই আয়োজন।
রেসিডেন্ট ইভিল
জ্যাক ক্রেগারের ‘ওয়েপনস’ সিনেমার সাফল্যের পর তার নতুন কাজ ‘রেসিডেন্ট ইভিল’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ভিডিও গেম অবলম্বনে নির্মিত হলেও পরিচালক জানিয়েছেন, এটি মূলত তার নিজস্ব ধরনের একটি সিনেমা, যা ঘটনাচক্রে ‘রেসিডেন্ট ইভিল’ হয়ে উঠেছে। পল ডব্লিউ. এস. অ্যান্ডারসনের আগের সিনেমাগুলোর তুলনায় নতুন এই সংস্করণটি আরও ভীতিকর ও অন্ধকার আবহের। গল্পের কেন্দ্রে রয়েছে ব্রায়ান নামের এক মেডিকেল কুরিয়ার। র্যাকুন সিটির একটি হাসপাতালে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শহরের বাসিন্দারা ভয়ংকর জম্বিতে পরিণত হতে শুরু করে। এরপর একজন সাধারণ মানুষের বেঁচে থাকা এবং দায়িত্ব পালনের লড়াইই হয়ে ওঠে গল্পের মূল আকর্ষণ।
প্র্যাকটিক্যাল ম্যাজিক ২
১৯৯৮ সালের ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর দীর্ঘ ২৮ বছর পর ফিরছে এর সিক্যুয়েল। নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলক আবারও ফিরছেন বোন জিলিয়ান ও স্যালির চরিত্রে। মুক্তির সময় খুব বড় সাফল্য না পেলেও সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে শক্তিশালী ভক্তগোষ্ঠী তৈরি করেছে। নতুন সিনেমায় আগের গল্পের জাদুকরী আবহ আরও বিস্তৃত হচ্ছে। স্যালির মেয়েদের চরিত্রে নতুন করে যুক্ত হচ্ছেন জোয়ি কিং ও মেইসি উইলিয়ামস। তারা জানতে পারে, পরিবারের ওপর থাকা একটি অভিশাপের কারণে তারা যেকোনো পুরুষের প্রেমে পড়লেই সেই পুরুষের মৃত্যু ঘটবে। ফলে প্রেম, পারিবারিক সম্পর্ক, জাদু ও অভিশাপ মিলিয়ে নতুন গল্পের দিকে এগোবে সিনেমাটি।
হার্ট অব দ্য বিস্ট
সারভাইভাল অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সেপ্টেম্বরে অন্যতম আকর্ষণ হতে পারে ডেভিড আয়ার পরিচালিত ‘হার্ট অব দ্য বিস্ট’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। এতে তিনি একজন আহত সাবেক স্পেশাল ফোর্সেস সদস্যের চরিত্রে অভিনয় করেছেন। আলাস্কার দুর্গম জঙ্গলে বিমান দুর্ঘটনার পর লোকালয়ে ফেরার কঠিন যাত্রায় নামতে হয় তাকে। এই বিপজ্জনক অভিযানে তার একমাত্র সঙ্গী বিশ্বস্ত সামরিক কুকুর ওডিন। তীব্র প্রতিকূল পরিবেশ, বেঁচে থাকার সংগ্রাম এবং মানুষ ও প্রাণীর মধ্যকার গভীর সম্পর্ককে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। পরিচালক ডেভিড আয়ারের ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে ব্র্যাড পিটকে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী ফর্মে দেখা যাবে।
অনসলট
অ্যাকশন ও হরর ঘরানার সিনেমাপ্রেমীদের জন্য ‘অনসলট’ হতে পারে সেপ্টেম্বারের অন্যতম আলোচিত ছবি। অ্যাডাম উইনগার্ড পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আদ্রিয়া আরজোনা ও মাইকেল বিহন। গল্পে আদ্রিয়া আরজোনাকে দেখা যাবে একা মায়ের চরিত্রে, যিনি মেয়েকে নিয়ে মরুভূমির একটি ট্রেইলার পার্কে থাকেন। স্থানীয় একটি গোপন গবেষণাকেন্দ্র থেকে জিনগতভাবে পরিবর্তিত তিন সুপার সোলজার পালিয়ে গেলে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। সাবেক সেনা স্নাইপার হিসেবে তাঁর অভিজ্ঞতা তখন কাজে আসে। অ্যাকশন, হরর ও সহিংসতার মিশেলে নির্মিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই বেশ আলোচনা তৈরি হয়েছে।
দ্য ওয়েট
১৯৩০-এর দশকের মহামন্দার সময়ের যুক্তরাষ্ট্রকে পটভূমি করে নির্মিত ‘দ্য ওয়েট’ একটি পিরিয়ড ড্রামা ও সারভাইভাল অ্যাডভেঞ্চারের মিশেল। সিনেমাটিতে অভিনয় করেছেন ইথান হক ও রাসেল ক্রো।গল্পে ইথান হক অভিনীত এক বাবাকে অন্যায়ভাবে একটি শ্রমশিবিরে পাঠানো হয়। দ্রুত বাড়ি ফিরতে না পারলে তিনি তার ছোট মেয়ের অভিভাবকত্ব হারাতে পারেন। এ অবস্থায় শিবিরের নিষ্ঠুর ওয়ার্ডেন তাকে একটি শর্তে মুক্তির প্রস্তাব দেয়। চুরি করা সোনার বারভর্তি ব্যাগ নিয়ে কয়েকজন বন্দির সঙ্গে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এরপর শুরু হয় প্রতিকূল পরিবেশ, সহিংসতা ও বেঁচে থাকার কঠিন লড়াই।
সেপ্টেম্বরের সিনেমার তালিকায় শুধু বড় তারকার উপস্থিতিই নয়, গল্পের বৈচিত্র্যও দর্শকদের টানবে। ভয়, জাদু, অ্যাকশন, বেঁচে থাকার সংগ্রাম কিংবা পারিবারিক আবেগ—প্রতিটি ঘরানার দর্শকের জন্যই থাকছে আলাদা কিছু। আর ব্র্যাড পিট, নিকোল কিডম্যান, স্যান্ড্রা বুলক ও ইথান হকের মতো তারকাদের পাশাপাশি নতুন নির্মাতাদের ভিন্নধর্মী ভাবনা মাসটিকে সিনেমাপ্রেমীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
- বিষয় :
- সিনেমা মুক্তি