পূজার ছুটিতে চালু থাকবে আমদানি ও রপ্তানি কার্যক্রম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব কাস্টম হাউস ও স্টেশনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্দেশনায় সংশ্লিষ্ট কাস্টম হাউস ও স্টেশনের কমিশনারদের পাশাপাশি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এনবিআরের নির্দেশনায় বলা হয়, আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
- বিষয় :
- আমদানি