ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বন্ধুদের মারধরে আহত তরুণের মৃত্যু

বন্ধুদের মারধরে আহত তরুণের মৃত্যু
×
×

মো. রিয়াজ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধের জেরে বন্ধুদের মারধরে মো. রিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মারধরের শিকার হওয়ার পর গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষিতা মোল্লাপাড়ার অটোরিকশাচালক নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রিয়াজ তাঁর এক বন্ধুর কাছ থেকে একটি মোবাইল ফোন কেড়ে নেন। এরপর বৃহস্পতিবার সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেটে ডেকে নিয়ে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি দাবি করেন ফরহাদ। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহাদাত, জায়েদ, আব্বাস, অনিক ও ফরহাদ গাছের ডাল দিয়ে রিয়াজকে মারধর শুরু করেন। এক পর্যায়ে মারধর থেকে বাঁচতে স্থানীয় পল্লি চিকিৎসক রতন আচার্যের ফার্মেসিতে গিয়ে আশ্রয় নেন রিয়াজ। কিন্তু রক্ষা পাননি। সেখানেও তাঁকে মারধর করে হামলাকারীরা এবং নাছিরের দোকানের সামনে রিয়াজকে ফেলে রেখে চলে যান।

রিয়াজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) খালি না থাকায় তাঁকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আর্থিক সংকটের কারণে গত শুক্রবার বিকেলে আবার তাঁকে চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
 

আরও পড়ুন

×