কলাবউ স্নানে দেবীর নবপত্রিকায় প্রবেশ আজও মহাসপ্তমী
ব্যতিক্রমী জলজ থিমের কারণে এ বছর দুর্গোৎসবে রাজধানীতে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বনানী পূজামণ্ডপ। গতকাল শনিবার উৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমীতে আরতি -মামুনুর রশিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ০৮:৩৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ০৯:০০
| প্রিন্ট সংস্করণ
সকালে মণ্ডপ-মন্দিরের কাছের জলাশয়ে ছিল কলাবউ স্নান বা নবপত্রিকা স্নানের রীতি। শারদীয় দুর্গাপূজায় গতকাল শনিবার মহাসপ্তমীর দিনে এই কলাবউ স্নানের আয়োজন ছিল। যার মধ্য দিয়ে দেবী দুর্গা নবপত্রিকায় প্রবেশ করেছেন। ৯টি ভিন্ন গাছকে দেবীর ৯টি রূপ ‘নবদুর্গা’ হিসেবে করা হয়েছে আরাধনাও।
এদিন সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর এই নবপত্রিকা প্রবেশ ও স্থাপন ছাড়াও মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মাধমে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। একই সঙ্গে সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহীত পূজাও হয়। পূজা শেষে ছিল পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি। অনেক মণ্ডপে ছিল স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, নৃত্যনাট্য, ভক্তিমূলক সংগীত, নাটকসহ না আয়োজন।
তবে এবার সপ্তমী তিথি দুদিন পড়ায় আজ রোববারও মহাসপ্তমী (অধিক পূজা) উদযাপিত হবে। এই কারণে এবার প্রচলিত পাঁচ দিনের চেয়ে এক দিন বেড়ে ছয় দিন শারদীয় দুর্গাপূজা চলবে।
সারাদেশের মতো রাজধানীর পূজামণ্ডপগুলোও এদিন ঢাক-ঘণ্টার বাদ্যি-বাজনা আর ভক্তদের পূজা-অর্চনায় মুখর হয়ে ওঠে। বিশেষ করে সন্ধ্যার পর ছিল উপচে পড়া ভিড়। উৎসবে যোগ দিয়েছেন অন্য ধর্মের মানুষও। এতে মণ্ডপগুলো বাঙালির সর্বজনীন উৎসবের মেলাঙ্গনে রূপ নেয়।
কেন্দ্রীয় পূজামণ্ডপ হিসেবে পরিচিত ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির মণ্ডপে ছিল বেশ ভিড়। পূজা শেষে সেখানে পুষ্পাঞ্জলি, আরতি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
দ্বিতীয় দিনের মহাসপ্তমীতে আজ সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে দেবীর শুক্লা সপ্তমীবিহীত অধিক পূজা অনুষ্ঠিত হবে। আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে ছয় দিনের এ উৎসব।
২৬ দফা নির্দেশনা
দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও পরিবেশবান্ধবভাবে উদযাপনে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটিগুলোর জন্য ২৬ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এতে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার, আতশবাজি ও পটকা ফোটানো এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে।
গতকাল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরে পাঠানো চিঠির মাধ্যমে এসব নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়; এটি শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধারও প্রতীক। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব করে তুলতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শন
শনিবার সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পূজাকে ঘিরে কিছু মানুষ বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে। জনগণকে গুজব থেকে সচেতন থাকতে হবে।
পুলিশপ্রধান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ-সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারও নিরাপত্তা ছিল না। ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ বহু রকমের অঘটন ঘটেছে। সবার সহযোগিতায় পুলিশ সে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতারা এদিন ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত-পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। পূজামণ্ডপ প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।
- বিষয় :
- দুর্গাপূজা